বর্তমান ভোটার তালিকার ১ কোটি ২২ লাখ নামে ত্রুটি
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এনডিআই বলেছে বর্তমান ভোটার তালিকায় ১ কোটি ২২ লাখ ভোটারের নামে অসঙ্গতি বা ভুল রয়েছে। অর্থাৎ পুরো তালিকার শতকরা ১৩ ভাগ ভোটারের নাম সঠিক নয়।
ড. ওয়েন লিপার্ট বলেন, নতুন ভোটার তালিকায় ৯ কোটি ৩০ লাখ ভোটারের অর্ন্তভুক্তি এনডিআইকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। কারণ এ তালিকা ২০০১ সালের আদমশুমারির সঙ্গে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। মোট জনগোষ্ঠির দুই-তৃতীয়াংশের তালিকাভুক্তি ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের আগে তালিকাটি সংশোধনের জন্য যথেষ্ট সময় আছে।
শনিবার দুপুরে গুলশানের একটি রেস্তোঁরায় ভোটার তালিকার জরিপের ওপর এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট(এনডিআই)-এর আবাসিক প্রতিনিধি এ মন্তব্য করেন।
ওয়েন বলেন, একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর ভোটার তালিকায় থেকে ভুয়া ভোটারের নাম বাদ না দিলে নির্বাচন প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা কমে যাবে।
জরিপের উদ্ধৃতি দিয়ে এনডিআই কর্মকর্তা জানান, অভিবাসনের পাশাপাশি বিদ্যমান ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকায় নামের মিল না থাকায় একই ভোটারের নাম দু’বার তালিকাভুক্তির ঘটনা ব্যাপক হারে ঘটেছে।
বিষয়টির সুরাহার সুপারিশ করে ওয়েন বলেন, বর্তমান ভোটার তালিকা সংশোধন করা হলে তা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইতিবাচক প্রভাব ফেলবে। তা না হলে বাড়তি ব্যালট এবং প্রক্রিয়াগত ভুলের কারণে এমন এক ধরণের পরিস্থিতি সৃষ্টি করবে, যার ফলে নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে ঝুঁকি তৈরি হবে।
এনডিআইয়ের প্রকল্প ব্যবস্থাপক নাজিয়া খোগিয়ানি হাশেমি জানান, তারা বাংলাদেশের ৩৭ টি গ্রাম বা মহল্লার ২২ হাজার লোকের ওপর তারা এ জরিপ চালান।
এক প্রশ্নের উত্তরে এনডিআইয়ের আবাসিক প্রতিনিধি জানান, অনুরোধ সত্ত্বেও নির্বাচন কমিশন তাদেরকে পূর্ণাঙ্গ ভোটার তালিকা সরবরাহ করেনি।
তবে বিবিএসের আদমশুমারির তথ্য, জনসংখ্যা বৃদ্ধির হার এবং ২০০১ ভোটার তালিকার সঙ্গে তুলনামূলক বিচার করে এনডিআই বলছে এবারকার ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ৯ কোটি ৩৬ লাখ।
জরিপের ফলাফলের উল্লেখ করে ওয়েন বলেন, ভোটার তালিকার শতকরা ৬ ভাগ নামে অসঙ্গতি রয়েছে। আর একই ব্যক্তির নাম দু’বার এসেছে এ ঘটনা হার শতকরা ৭ ভাগ।
শতকরা কত ভাগ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে জানতে চাইলে তিনি জানান, এ হার শতকরা আড়াই ভাগ।
ভোটার তালিকা সংশোধনের জন্য পর্যাপ্ত সময় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন হতে এখনো প্রায় দু’মাস বাকী আছে। কাজেই তালিকা সংশোধনের জন্য এসময়কে তিনি যথেষ্ট হিসেবে উল্লেখ করেন।
এনডিআই কর্মকর্তা বলেন, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের একার নয়। পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবারই অংশগ্রহণ থাকা উচিত।
এনডিআইয়ের জরিপের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা রিয়াজ রহমান বলেন, বর্তমান ভোটার তালিকা ২০০১ সালের ধারাবাহিকতার ফল।
তিনি বলেন, “ওই তালিকায় বেশ কিছু অসঙ্গতি ছিল যা শেষ পর্যন্ত সংশোধন করা হয়নি। কাজেই এনডিআই যেসব অসঙ্গতির কথা বলছে তা আগেও ছিল। কাজেই এসব বিষয় ‘এটেম্পট অফ ম্যানুপুলেশন’ কিনা তা যাচাই করে দেখা উচিত।”
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা সাবের হোসেন চৌধুরী বলেন, “আমরা বার বার বলে আসছি বর্তমান ভোটার তালিকায় ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার আছে। এখন এনডিআইয়ের মতো একটি নিরপেক্ষ সংস্থার জরিপে দেখা যাচ্ছে এ সংখ্যা ১ কোটি ২২ লাখ।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটি ৩৭ টি গ্রামে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। তারা ১০০ গ্রামে গবেষণা চালালে সংখ্যাটি আওয়ামী লীগের সংখ্যার সমান কিম্বা বেশী হতো।
