রাষ্ট্রপতির সাথে আলোচনার সময় সব উপদেষ্টাকে থাকতে হবে: হাসিনা
শর্ত সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়জউদ্দিন আহম্মেদের চায়ের দাওয়াতে যেতে রাজি হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,“ আমি প্রধান উপদেষ্টার চায়ের দাওয়াতে যেতে রাজি আছি। তবে সেখানে সব উপদেষ্টাকে উপস্থিত থাকতে হবে।”
তিনি আরো বলেন, আগে রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিক তিনি কী করতে পারবেন, কী পারবেন না। সেটা স্পষ্ট করে বলে দিক।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন,বাংলার মানুষ জানে কীভাবে দাবি আদায় করতে হয়। আন্দোলনের মধ্যে দিয়েই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা হবে। ভোট চুরির পায়তারা যারা করছে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে। কোনো প্রতিবন্ধকতাই জনগণকে দমিয়ে রাখতে পারবে না।
ছুটিতে থাকা প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ সম্পর্কে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন,“আজিজ ছুটিতে গেছেন। তাকে পুরোপুরি চলে যেতে হবে। আমরা সময় বেধে দিয়েছি। তবে জনগণের কষ্টের কথা আমরা বুঝি।”
আওয়ামী লীগ সভানেত্রী বলেন,“এখন যারা নির্বাচন কমিশনে আছেন তারা সবাই ভোট চুরিতে বিশেষজ্ঞ। কিন্তু জনগণের আর্থিক উন্নয়নের জন্য এবং ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
তিনি আরো বলেন,খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে দলীয়করণ কাকে বলে। তার দলীয়করণের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চুক্তি ভিত্তিক নিয়োগের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া। তারা ভোট পাবে না জেনেই নির্বাচনে জিততে কূট কৌশলের আশ্রয় নিয়েছে।
শেখ হাসিনা বলেন,গত পাঁচ বছর ক্ষমতায় থেকে দুর্নীতি করে তারা অর্থের পাহাড় গড়েছে। তারা ক্ষমতায় না আসতে পারলে জনগণ তাদের প্রতিটি টাকার হিসাব নেবে।
ভোটার তালিকা না করেই নির্বাচনী তফসিল ঘোষণা প্রসঙ্গে তিনি বলে, নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই তফসিল ঘোষণা করে সংবিধান লংঘন করা হয়েছে।
শান্তিচুক্তির কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শান্তিচুক্তি করে হানাহানির পথ বন্ধ করে দিয়েছিলো। কিন্তু চার দল ক্ষমতায় গিয়ে সেই চুক্তি ভেঙ্গে আরো সমস্যার সৃষ্টি করেছে।
১৪ দল ক্ষমতায় গেলে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম বন্ধ, নির্যাতিত শিক্ষকদের পুর্নবাসন ও পৃথক শিক্ষা কমিশন গঠন করা হবে বলে শেখ হাসিনা শিক্ষক-কর্মচারিদের আশ্বাস দেন।
জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান, ড. আজিজুল হক, অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যাপক সাহাদত হোসেন রানা প্রমুখ।
কনভেনশনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত শিক্ষকরা তাঁদের ওপর চালানো নির্যাতনের কথা তুলে ধরেন।
