সরকারের সদিচ্ছার অভাবেই শান্তি চুক্তি বাস্তবায়িত হয়নি: সন্তু লারমা
বিগত সরকার দুটির সদিচ্ছার অভাবেই নয় বছরেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত হয়নি। আমলাতন্ত্রও চুক্তি বাস্তবায়নের আরেকটি অন্তরায়। উগ্র জাতীয়তাবদী দৃষ্টিভঙ্গী ও সাম্প্রদায়িক মনোভাবের কারণেই তারা এমন আচরণ করেছে।
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা চুক্তি স্বাক্ষরের নবম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার নগরীতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
জনসংহতি সমিতি ও আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত ধানমণ্ডির ডাব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, “আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যদি শান্তি চুক্তি বাস্তবায়নের পক্ষের সরকার গঠিত না হয় তাহলে পাহাড়ে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত দেখা দেবে; অধিকার আন্দোলনের বাস্তবতাই ঠেলে দেবে আরেকটি সশস্ত্র সংগ্রামের দিকে।”
তিনি বলেন, “পাকিস্তান আমলে বাঙালি জাতি অধিকার আদায়ে সোচ্চার হয়েছিল। কিন্তু বারবার তাদের দাবি উপেক্ষিত হওয়ার প্রেক্ষাপটে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। একইভাবে ১৯৭২ সালে জুম্ম (পাহাড়ি) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার উপেক্ষিত হওয়ায় পাহাড়ে সশস্ত্র সংগ্রামের সূচনা হয়। সে সময়ও বাস্তবতাই আমাদের বলপ্রয়োগের রাজনীতির দিকে ঠেলে দিয়েছিল।”
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনসংহতি সমিতি শান্তি চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির গেরিলা সংগঠন শান্তিবাহিনীর মধ্যে ২৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে।
সন্তু লারমা আরো বলেন, “চুক্তি স্বাক্ষর হওয়ার পর এটি বাস্তবায়নের কিছু কিছু প্রক্রিয়া আগেও ছিল, এখনো আছে; কিন্তু তা একেবারেই যথেষ্ট নয়। শেখ হাসিনার সরকারের সময় চুক্তি বাস্তবায়নের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। তবে তা যথাযথ ছিল না। আর খালেদা জিয়ার সরকারের সময় চুক্তি বাস্তবায়ন একেবারেই বন্ধ ছিল। এমন কি অনেক সময় চুক্তি লঙ্ঘনও করা হয়েছে।”
আলোচনা সভায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকার চুক্তি বাস্তবায়ন করেনি। উল্টো শান্তি চুক্তিকে দেখিয়ে বড় বড় পুরস্কার পেয়েছে। এখন আবার তারা ভোট পাওয়ার জন্য বলছে, ক্ষমতায় গেলে চুক্তি বাস্তবায়ন করবে। আর বিএনপি বিরোধী দলে থেকে বলেছে, ক্ষমতায় গেলে চুক্তি বাতিল করবে; কিন্তু বাস্তবতার কারণে পরে তারা তা পারেনি।”
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টচার্য, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ, অধ্যাপক মেসবাহ কামাল, ড. সাদেকা হালিম, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেণ প্রমুখ।
