নির্বাচন ছাড়া সংবিধান থাকবে না: ড. ইউনূস
নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে সংবিধান থাকবে না। শুক্রবার চ্যানেল আইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, প্রধান দু’টি জোট একমত হলে ২১ জানুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব।
নিজের প্রস্তাবিত শান্তি চুক্তির খসড়ার প্রতি দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, সেটি বাস্তবায়নের জন্যও নির্বাচন প্রয়োজন। নির্বাচনের পর সব দল সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য সমান অংশীদারিত্বের সরকার গঠন করবে। এরপর সবার দাবি-দাওয়া ও ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নের পর দলগুলো পদ্যত্যাগ করে নতুন নির্বাচনে অংশ নেবে।
বর্তমান বিরোধপূর্ণ অবস্থায় এমন প্রস্তাব বাস্তব কিনা-এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, রাজনীতিতে সবই সম্ভব। আজ যারা পরস্পর বিরোধী কালই হয়তো তারা গলাগলি করবে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিচুক্তি করার বিষয়ে নিজে কোনো ভূমিকা নেবেন না বলে তিনি জানান।
বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করবেন কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের মেয়াদের মাত্র দু’মাস বাকি। এই ক’দিনের জন্য প্রধান উপদেষ্টা হয়ে লাভ কি।
ড. ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোকে তার প্রস্তাবই মানতে হবে এমন কোনো কথা নেই। যে কেউ নতুন আরো কোন প্রস্তাব দিতে পারে। তবে গণতন্ত্রকে বহাল রাখা এবং সংবিধান বাঁচাতে হলে শান্তির পথে সবাইকে আসতেই হবে।
