২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির মনোনয়ন ফরম কিনলেন এলডিপি নেতা

রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কথাটি আবারও প্রমাণ করলেন বগুড়ার এলডিপি নেতা আব্দুল মতিন ওরফে মতি মণ্ডল। বিএনপি ত্যাগী বিদ্রোহী এই নেতা এলডিপিতে যোগদানের পর শুক্রবার বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে ধানের শীষের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নিজেকে বিতর্কমুক্ত রাখতে মতি মণ্ডল বিএনপি থেকে বহিষ্কৃত তার অপর সহযোগী শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি স্থানীয় পৌর চেয়ারম্যান জানে আলম খোকার পক্ষেও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

বগুড়া বিএনপিতে এক সময়ের বিদ্রোহী মতিন মণ্ডল এলডিপিতে যাওয়ার পর নিজের জন্য এবং বহি®কৃত জানে আলম খোকার পক্ষে ধানের শীষের মনোনয়ন ক্রয় করায় চারদলীয় জোটে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কোন মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত বগুড়া-৫ আসনে বিএনপির সর্বশেষ সাংসদ জি এম সিরাজের মনোনয়নের প্রশ্নে প্রকাশ্য বিদ্রোহকারী ওই দুই নেতার মধ্যে মতি মণ্ডলকে অব্যাহতি এবং জানে আলমকে সম্প্রতি বহিষ্কার করা হয়। মতিন মণ্ডল বিএনপির মনোনয়ন কেনার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজী হননি। অন্যদিকে বিএনপি থেকে বহি®কৃত নেতা জানে আলম খোকা বলেছেন, “একজন আমার পক্ষে বিএনপির মনোনয়ন কিনেছেন বলে আমি শুনেছি, কিন্তু আমি সেটা জমা দিতে যাবো না।”

দলীয় নেতা মতিন মণ্ডলের এই ডিগবাজীর কারণ সম্পর্কে জানতে চাইলে এলডিপি বগুড়া জেলা কমিটির আহবায়ক আনিস রাহমান বলেন, “কেউ যদি নীতি আদর্শ সবকিছু বিসর্জন দিয়ে রাজনীতি করতে চায় সেটাকে দালালী বলাই শ্রেয়।”

বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থিতার জন্য আরও যারা মনোনয়ন পত্র কিনেছেন তারা হলেন সাবেক সাংসদ জি এম সিরাজ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবার রহমান হারেজ ও ব্যবসায়ী মাহবুব আলী।

এ ছাড়া বগুড়া-১ আসনের জন্য সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা শোকরানা, মাসুদার রহমান হিরু মণ্ডল, লুৎফুল বারী মুকুল, বগুড়া-২ আসনের জন্য সাবেক হুইপ রেজাউল বারী ডিনা, সাবেক সাংসদ অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এবং অ্যাডভোকেট হাফিজার রহমান, বগুড়া-৩ আসনের জন্য সাবেক সাংসদ সাবেক সাংসদ আবদুল মোমেন তালুকদার খোকা।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়ার অন্য আরও চারটি আসনে বিএনপির জন্য একাধিক নেতা ও ব্যবসায়ী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসন বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী) আসনের জন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটি আবেদনও জমা পড়েনি।

সূত্র জানায়, ওই দুটি আসনে খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের জন্য বগুড়ার একাধিক নেতা মনোনয়ন পত্র কেনার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ওপর থেকে সংকেত না পাওয়ায় তারা ফিরে যান। হাইকমাণ্ডের অনুমতি না মেলায় মনোনয়ন কেনা থেকে পিছিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ইকবাল মাহমুদ ফিরোজও। তিনি সাবেক হুইপ রেজাউল বারীর বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক।