দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করাই লক্ষ্য: উপদেষ্টা ধীরাজ কুমার নাথ
উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, “আমাদের এখন একটিই লক্ষ্য হওয়া উচিত, সেটি হচ্ছে-এদেশকে উন্নত, সভ্য, বিবেকবান ও সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করা।”
উপদেষ্টা বলেন, “আমাদের দেশ আমরা শাসন করছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এদেশের স্বাধীনতা চির অম্লান থাকবে।”
শুক্রবার রাতে চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ এসব কথা বলেন।
মেলা উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা আবুল ফজল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষণ মুজমদার ও পরিচালনা করেন বিজয় মেলার মহাসচিব অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মুনিরুল ইসলাম, পুলিশ সুপার মো. ওবায়েদুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) এস এ সুলতান টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মো. শামছুল হক ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৮ নভেম্বর থেকে মাসব্যাপী ওই বিজয় মেলা শুরু হয়েছে। আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
