শুধু উত্তরার ঘটনা তদন্ত করতে কার্যপরিধি সংশোধনের প্রস্তাব দেবেন উপদেষ্টারা
উত্তরায় আমলাদের গোপন বৈঠকের ঘটনা তদন্তে গঠিত কমিটির কার্যপরিধি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তৈরির প্রস্তাব দিতে যাচ্ছেন উপদেষ্টারা। আগামী সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা প্রস্তাবটি দেবেন।
কমিটি গঠন ও কার্যপরিধি সংক্রান্ত সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বৃহস্পতিবার উপদেষ্টাদের হাতে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর পরপরই তারা কার্যপরিধি সংশোধন সংক্রান্ত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে শিল্প উপদেষ্টা সুলতানা কামাল বলেন “তদন্ত কমিটির কার্যপরিধির সঙ্গে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের কোন মিল নেই। সিদ্ধান্ত মোতাবেক কেবলমাত্র উত্তরার ঘটনাটিই কমিটির কার্যপরিধির মধ্যে থাকার কথা। কিন্তু তা হয়নি। উপদেষ্টা পরিষদের আগামি বৈঠকে কমিটির কার্যপরিধি সংশোধন করে সঠিকভাবে প্রণয়নের প্রস্তাব দেবো।”
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মূর্শেদ বলেন “অবশ্যই কমিটির কার্যপরিধি সংশোধন হওয়া উচিৎ। কারণ উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তা হয়নি। বিষয়টি আমি আগামি বৈঠকে তুলবো।”
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ধীরাজ কুমার নাথ বলেন “কমিটির কার্যপরিধির মধ্যে উত্তরার ঘটনার সঙ্গে আরো কিছু পুরনো ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পুরনো ঘটনার সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যে তৎকালীন সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। আর অল্প সময়ের মধ্যে এতোগুলো ঘটনা তদন্ত করাও সম্ভব নয় বলে আমি মনে করি। তাই তদন্ত কমিটির কার্যপরিধি যাতে সংশোধন করা যায় সে ব্যাপারে উপদেষ্টা পরিষদের আগামি বৈঠকে চেষ্টা করবো।”
কৃষি উপদেষ্টা সি এম শফি সামির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে উপদেষ্টা পরিষদের আগামি বৈঠকের পর বিষয়টি তাকে জিজ্ঞেস করার পরামর্শ দেন।
২৪ নভেম্বর উত্তরার আর্টিসান সিরামিক ভবনে বর্তমান ও সাবেক প্রায় ৩০ জন আমলা গোপন বৈঠকে বসেন। ভবনটি সাবেক জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক কার্যালয়। এ বৈঠকের ঘটনা তদন্তে গত সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন সদস্যের কমিটি করা হয়।
কমিটির কার্যপরিধি নির্ধারণে সংস্থাপন সচিবকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কমিটির কার্যপরিধির মধ্যে উত্তরার ঘটনার সঙ্গে ২০০১ সালে পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত সভা এবং ১৯৯৬ সালে গঠিত জনতার মঞ্চে অংশগ্রহণকারীদের নামের তালিকা প্রণয়ন ও অপরাধ চিহ্নিত করার কথাও বলা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের বাসায় যাতায়াত করছেন এমন কর্মকর্তাদের নামের তালিকা প্রণয়ন করার বিষয়টিও যোগ করা হয় তদন্ত কমিটির কার্যাপরিধিতে।
