পার্বত্য শান্তি চুক্তির নবম বর্ষপূর্তি শনিবার
পার্বত্য শান্তি চুক্তির নবম বর্ষপূর্তি পালিত হচ্ছে ২ ডিসেম্বর শনিবার। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির গেরিলা সংগঠন শান্তিবাহিনীর মধ্যে ২৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। পাহাড়, অরণ্য, ঝর্ণাধারায় নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রাম উন্মুক্ত হয় সবার জন্য। শান্তিবাহিনীর প্রায় ২০০০ সদস্য অস্ত্র জমা দিয়ে ফিরে আসেন স্বাভাবিক জীবনে। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের ত্রিপুরায় আশ্রয় নেওয়া প্রায় ৭৪ হাজার শারণার্থী একযুগের গ্লানিময় জীবনের ইতি টেনে ফেরেন নিজ বাসভূমে।
কিন্তু চুক্তি স্বাক্ষরের পরপরই পাহাড়িদের একটি পক্ষ ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ব্যানারে গড়ে ওঠে শান্তি চুক্তিবিরোধী আন্দোলন। দৃশ্যত জনসংহতি সমিতি ও ইউপিডিএফের দ্বন্দ্ব-সংঘাতে আবারো অশান্ত হয়ে ওঠে পাহাড়। অপহরণ, পাল্টা অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজী, গুম, খুন নিত্য দিনের ঘটনায় পরিণত হয়।
২০০১ সালে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে রাঙামাটির দুর্গম পাহাড়ে তিন বিদেশিকে অপহরণ করে একমাস আটকে রেখে ইউপিডিএফ তাদের সশস্ত্র শক্তিমত্তার পরিচয় দেয়। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মুক্ত হন তিনজন।
এছাড়া পাহাড়ের সীমান্তে রয়েছে ভারত ও মায়ানমারের একাধিক গেরিলা সংগঠনের আনাগোনা ও সন্ত্রাস।
শান্তি চুক্তিতে পাহাড়ি আদিবাসীদের ভূমি, সংস্কৃতি ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হয়। পার্বত্য চট্টগ্রামকে স্বীকৃতি দেওয়া হয় একটি ‘উপজাতীয় অধ্যুষিত অঞ্চল’ হিসেবে। গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় শাসন ব্যবস্থা পার্বত্য আঞ্চলিক পরিষদ, পার্বত্য উন্নয়ন বোর্ড ইত্যাদি। এছাড়া চুক্তি অনুযায়ী তৈরি করা হয় নানা ধরনের আইনকানুন।
কিন্তু জনসংহতি সমিতি বরাবরই সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, চুক্তি অনুযায়ী পার্বত্য ভূমি কমিশন কার্যকর না করায় পাহাড়ে ভূমি বিরোধ বাড়ছে। উপরন্তু সেখানে বাড়ছে বহিরাগত বাঙালি সেটেলারদের চাপ।
চুক্তির নবম বর্ষপূর্তির একদিন আগে শুক্রবার সকালেই আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এক অনুষ্ঠানে অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি-কোনো সরকারই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে আন্তরিকতা দেখায়নি। এ কারণে দিন দিন পার্বত্য সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা চুক্তিবিরোধী ইউপিডিএফকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেন।
সরকারি উদ্যোগে পাহাড়ে আদিবাসীদের জমি বেখল করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “সেনাবাহিনী ও বন বিভাগ পরিকল্পিতভাবে পাহাড়ে হাজার হাজার একর জমি দখল করে চলেছে। শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার সুযোগে পাহাড়ে ‘অপারেশন উত্তরণ’ নামে সেনা শাসন তথা সেনা সন্ত্রাস চলছে। এক কথায় সেখানে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। এছাড়া ১৯৭৪ সাল থেকে সরকারি উদ্যোগে পাহাড়ে চলছে বহিরাগত বাঙালি সেটেলার পুনর্বাসন।”
