২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বিচার কার্যক্রম বন্ধের আদেশ বেআইনী: জলিল

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বৃহস্পতিবার রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদ গ্রহণের বৈধতা নিয়ে বিচার কার্যক্রম বন্ধের যে আদেশ দিয়েছেন তাকে ‘বেআইনী’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জলিল অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জলিল এসব কথা বলেন।

জলিল বলেন, “অ্যাটর্নি জেনারেল একজন অর্ধশিক্ষিত ব্যক্তি। তিনি এখনও তার পদ আঁকড়ে ধরে সব অপকর্ম করে যচ্ছেন।”

অ্যাটর্নি জেনারেলকে অবিলম্বে তার পদ থেকে সরানোরও দাবি জানিয়ে জলিল বলেন, “এনএসআই ও ডিজিএফআইয়ের ডিজি এবং স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও তথ্য সচিব এখনও স্বপদে বহাল আছেন। তাদের সরানো হয়নি।”

জলিল শনিবারের মধ্যে রাষ্ট্রপতিকে প্রধান তত্ত্ববধায়কের পদ ছেড়ে সে পদে একজন নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানান।

আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সুষ্ঠু ভোটার তালিকা নিশ্চিত করতে হবে এবং সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে।

এসব দাবি মানা না হলে আগামী রোববার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি চলতে থাকবে বলে জলিল উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত ও শেখ ফজলুল করীম সেলিম।