২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের ঘটনায় জড়িতদের কাছে কৈফিয়ত চান: মাহবুবউদ্দিন

চার দলের সমাবেশ থেকে সুপ্রিম কোর্টের ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আইনজীবীদের কাছে কৈফিয়ত তলব করতে প্রধান বিচারপতির প্রতি দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে মহানগর চার দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ ওই ঘটনার জন্য ব্যারিস্টার রোকনউদ্দিনসহ আওয়ামী লীগের আইনজীবীদেরকে অভিযুক্ত করেন।

খন্দকার মাহবুব প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন,“তাদের বিরুদ্ধে কৈফিয়ত তলব করুন। যতক্ষণ পর্যন্ত তারা নি:শর্ত ক্ষমা প্রার্থনা না করে, ততক্ষণ পর্যন্ত কোনো আদালত খুলবেন না।”

মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, জামায়াতে ইসলামী রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শফিউদ্দিন প্রমুখ।

সমাবেশে মাহবুবউদ্দিন ওই ঘটনাকে তার দীর্ঘ ৪৮ বছরের আইন পেশার জীবনে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, “তারা দেশে বাকশাল প্রতিষ্ঠার জন্য এসব করেছে। আওয়ামী লীগের আইনজীবীরা এসব ঘটনা ঘটিয়ে এখন বহিরাগতদের ওপর দোষ চাপাচ্ছে। আমি ৮ নম্বর বেঞ্চ থেকে ব্যারিস্টার রোকনউদ্দিনের কন্ঠে ‘ধর ধর’ আওয়াজ শুনেছি।”

মাহবুব যে আদালতের মামলাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে, সেই আদালতের বিচারপতিদের প্রসঙ্গে বলেন,“তাদের একজন সাবেক বিচারপতি মাহমুদূল আমিন চৌধুরীর আত্মীয়। অন্যজন হচ্ছেন ব্যারিস্টার আমিরুল ইসলামের জুনিয়র। আমি একজন প্রবীণ আইনজীবী হিসেবে মনে করি, তাদের বলা উচিত ছিলো ‘বিব্রতবোধ করছি’।”

সাদেক হোসেন খোকা বলেন, “যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। দেশের কাছে, প্রধান বিচারপতির কাছে। নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদালতে সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে।”