২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে আবারো সশস্ত্র আন্দোলন: সন্তু লারমা

সাবেক গেরিলা সংগঠন শান্তিবাহিনীর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে আবারো পাহাড়ে গেরিলা যুদ্ধ শুরুর হুমকি দিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের নবম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুমকি দেন। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম থেকে ‘অপারেশন উত্তরণ’ নামে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানান।

‘আদিবাসী অধিকার আন্দোলনের’ উদ্যোগে ‘পাহাড়ের ভূমি সমস্যা, অভ্যন্তরীণ উদ্বাস্তু ও শান্তিচুক্তির বাস্তবায়ন’ শীর্ষক আলোচনায় পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সন্তু লারমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের মানুষ অপেক্ষা করছে আগামী নির্বাচনের জন্য। যদি চুক্তি বাস্তবায়নের পক্ষের সরকার না আসে, এভাবেই নির্যাতন চলতে থাকে, তাহলে সেখানে সশস্ত্র আন্দোলন হবেই। এর কোনো বিকল্প নেই, বিকল্প দেখি না।”

তিনি শান্তিবাহিনীর গেরিলা যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, “আমি ছাত্রাবস্থা থেকে শুরু করে ৪৬ বছর ধরে জুম্ম (পাহাড়ি) জাতির অধিকার আদায়ের সংগ্রাম করছি। কিন্তু আমি তো স্বেচ্ছায় সশস্ত্র সংগ্রাম করিনি; আমাকে অস্ত্র ধরতে বাধ্য করা হয়েছিলো। আর জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার এই সশস্ত্র বিদ্রোহের সূচনা করেছিলেন এমএন লারমা।

তিনি বলেস, “‘অপারেশন উত্তরণ’ এর নামে পাহাড়ে সেনা কর্তৃত্ব তথা সেনা শাসন ও সন্ত্রাস চলছে। দীঘিনালা, আলিকদম ও রুমায় আদিবাসীদের জমি কেড়ে নিয়ে তিনটি সেনানিবাস গড়ে তোলা হয়েছে। শুধু মাত্র রুমা সেনানিবাস সম্প্রসারণ করতেই দখল করা হয়েছে নয় হাজার ৫০৭ একর আদিবাসী জমি। সরকারি উদ্যোগে সেনাবাহিনী ও বন বিভাগ এভাবে দখল করে চলেছে হাজার হাজার একর জমি।”

পাহাড়ি নেতা সন্তু বলেন, “আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান হিসেবে আমাকে আইনত অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে একজন সেনা সদস্যও আমার চেয়ে ক্ষমতাধর। তারা অস্ত্র তল্লাশির নামে সাধারণ নিরীহ মানুষকে হয়রানী করছে। অথচ চুক্তিবিরোধী অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠি ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সেনাবাহিনীর পাশাপাশি থাকে। তারা একসঙ্গে চাঁদাবাজী করে, চা খায়।”

তিনি আরো বলেন, “১৯৭৪ সাল থেকেই সেখানে বহিরাগত বাঙালি সেটেলার পুনর্বাসন চলছে। গত নয় বছরে শান্তিচুক্তি বাস্তবায়নের অভিজ্ঞতাও ভালো নয়। বিশেষ করে সেখানে সেনাবাহিনী যা করছে, তাতে পাহাড়ের জীবন হয়ে উঠেছে দুঃসহ; এভাবে বাঁচা যায় না। একমাত্র প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সরকারই পারে চুক্তি বাস্তবায়ন করে পার্বত্য সমস্যার যৌক্তিক সমাধান দিতে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী বলেন, “আদিবাসীদের সরল স্বাভাবিক জীবনে আধুনিকতার নামে কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তাদেরকে তাদের মতো করেই বিকশিত হতে দিতে হবে। আদিবাসীদের আঞ্চলিক খাস জমির ভোগ দখল, রীতিনীতি ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে হবে; তা সে যত ক্ষুদ্র জাতিগোষ্ঠিই হোক না কেন।”

অধ্যাপক এইচকেএস আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুারো সদস্য হায়দার আকবর খান রনো, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গলকুমার চাকমা, আদিবাসী নেতা রবীন্দ্র নাথ সরেণ প্রমুখ বক্তব্য রাখেন।