রাজনৈতিক বিভক্তির সুযোগে জাতিসংঘ খবরদারি করছে: হিযবুত তাহ্রীর
বিএনপি ও আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতি দেশকে গত ১৫ বছরে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। আর দল দুটির বিভক্তির রাজনীতিই জাতিসংঘকে বাংলাদেশে খবরদারি করার সুযোগ করে দিয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে হিযবুত তাহ্রীরের এক সমাবেশে বক্তারা এ অভিযোগ তোলেন।
আওয়ামী লীগ-বিএনপির হানাহানি, লুটপাট ও দেশ ধ্বংসের রাজনীতি প্রত্যাখান করে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, “গত ১৫ বছরে বিএনপি ও আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। ড. ইউনুস এখন সেই দুই দলেরই যৌথ লুটপাটের ব্যবস্থা পাকা করার প্রস্তাব করেছেন। তাকে নোবেল পুরস্কার দেওয়ার পেছনে সাম্রাজ্যবাদী শক্তির অশুভ উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।”
তারা বলেন, “বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সৃষ্ট অরাজকতা বাংলাদেশের বিভক্তির রাজনীতির ফল। বিএনপি ও আওয়ামী লীগের এই বিভক্তির সুযোগ নিয়ে জাতিসংঘ বাংলাদেশে খবরদারি করার জন্য দূত পাঠিয়েছে। অন্যদিকে, ভারত আমাদের রাজনীতির এই নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে টিপাইমুখ বাঁধ উদ্বোধন করছে।”
হিযবুত তাহ্রীরের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশিদ।
