বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
নির্বাচন নিয়ে অনিশ্চিয়তা থাকলেও দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রথম দিনই দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রচুর মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও তারেক রহমানের পক্ষে কেউই বৃস্পতিবার ফরম সংগ্রহ করেননি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, কে এম ওবায়দুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ারসহ অনেক সিনিয়র নেতা ফরম সংগ্রহ করেছেন।
ফরম কেনার জন্য দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে ভিড় করেন। অনেক মনোনয়ন প্রত্যাশী মিছিল করে এসে ফরম সংগ্রহ করেন।
ফরম জমা নেওয়ার পর ডিসেম্বরের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত বনানীর হাওয়াভবন কার্যালয়ে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।
এর মধ্যে ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও সিলেট, ৫ ডিসেম্বর রাজশাহী, ৬ ডিসেম্বর খুলনা ও বরিশাল এবং ৭ ডিসেম্বর ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফরম বিক্রি শুরু হয় এবং তা চলবে শনিবার পর্যন্ত চলবে। ফর্মের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা জামানত দিতে হবে। ফরম বিক্রি করা হচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ১টা এবং একঘন্টা বিরতি দিয়ে ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
