সুপ্রিম কোর্টে ভাংচুর, আগুন
তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন নিয়ে আপিলের শুনানি সুপ্রিম কোর্ট স্থগিত করলে বৃহস্পতিবার আদালত চত্বর উত্তাল হয়ে ওঠে।
আবেদনগুলোর শুনানি শেষ করে আদালত যখন আদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন প্রধান বিচারপতির আদেশে শুনানি ও মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করা নজিরবিহীন বলে বর্ণনা করেছেন আইনজীবীরা। বিশেষত যখন মধ্যাহ্ন বিরতি ঘোষণার আগে আদালত নিজেই বলেছিলেন যে, তারা আবেদনগুলোতে ‘রুল’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের কক্ষে হামলা চালায় আবেদনকারীর পক্ষের বিক্ষুদ্ধ আইনজীবীরা। প্রধান বিচারপতির এজলাস কক্ষের দরজা তারা ভেঙ্গে ফেলে। আগুন লাগিয়ে দেয় সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে। ধাওয়া দেওয়া হয় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক খালেদ মুহিউদ্দীন জানান, সুপ্রিম কোর্টের সব বিচারক আটকা পড়েছেন নিজ নিজ কক্ষে।
বৃহস্পতিবার দুপুরে এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী রিট আবেদনের শুনানি স্থগিত করতে প্রধান বিচারপতির কাছে যান। শুনানির উপর প্রধান বিচারপতির স্থগিতাদেশের বিষয়টি জানানোর পরপরই এই ভাংচুর শুরু হয়।
এর আগে এটর্নি জেনারেল একটি বৃহত্তর বেঞ্চে এই আপিলের শুনানি গ্রহণের জন্য বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মইনুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের কাছে আবেদন জানান। আদালত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় তারা প্রধান বিচারপতির কাছে যান বলে অ্যাটর্নি জেনারেল দপ্তর সূত্রে জানানো হয়।
মধ্যাহ্ন বিরতির পর মামলার শুনানি শুরু হলে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মইনুল হোসেন চৌধুরীর কাছে এটর্নি জেনারেল প্রধান বিচারপতির একটি আদেশ হস্তান্তর করেন। এ আদেশে বৃহত্তর বেঞ্চ গঠনের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিটের শুনানি স্থগিত করার নির্দেশ দেয়া হয়।
