আদালতে বিশৃঙ্খলার জন্য বিএনপি দায়ী: বি. চৌধুরী
আদালতে নজিরবিহীন বিশৃঙ্খলা এবং অরাজকতার জন্য বিএনপিপন্থী আইনজীবীদের দায়ী করলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, হাইকোর্টে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের অশোভন আচরণ প্রমাণ করে এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বৃহস্পতিবার মগবাজারের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। টাঙ্গাইলের সরিষাবাড়ি থেকে বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মীর এলডিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, “রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদ গ্রহণকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ দুঃখজনক।”
এটি দেশের সর্বোচ্চ আদালতের ওপর হস্তক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “বর্তমান বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।”
এলডিপির প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল কবির তালুকদার বলেন, “আমি বিএনপি ছেড়েছি, কারণ এই দল এখন চরম দুর্নীতিপরায়ন। বিএনপি-জামায়াত জোট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে।”
তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা সরিষাবাড়ি থানা থেকে বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মী এলডিপিতে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসার পথে একজন সাবেক উপমন্ত্রী সন্ত্রাসী হামলা চালায়। এতে আহত হয় কমপক্ষে ২০ জন।
এলডিপির আরেক প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির বলেন, “সাবেক সরকারের নেতাদের হাজার হাজার কোটি কালো টাকা উদ্ধার করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলডিপি নেতা মঞ্জুর হোসেন, নুরুল আমিন ব্যাপারী, আমিনুল কবির তালুকদার প্রমুখ।
