জাতিসংঘের দূতের সফর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল: শফি সামি
বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে আলাপ আলোচনার জন্য জাতিসংঘের বিশেষ দূতের ঢাকায় আসার বিষয়টিকে মোটেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না কৃষি ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সিএম শফি সামি।
সাবেক এই কুটনীতিকের মতে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। এ ধরণের অযাচিত হস্তক্ষেপ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। একমাত্র সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমেই এ ধরণের হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব।
পিআইডি সম্মেলন কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে শফি সামি বলেন, “একজন কুটনীতিক হিসেবে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তবে যারা আসেন তারা তো আমাদের উন্নয়ন সহযোগী। এখানে তাদের টাকার ব্যাপার রয়েছে। টাকার অপচয় ও ক্ষতি রোধের জন্যই তারা কথা বলতে আসেন। দেশে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে তারা আর এসব বিষয়ে হস্তক্ষেপ করতে আসবেন না।”
কোন পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই।”
জাতিসংঘ মহাসচিব কফি আনানের বিশেষ প্রতিনিধি বুধবার রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার জন্য ঢাকা এসেছেন। তিনি বৃহস্পতিবার কৃষি উপদেষ্টা সিএম শফি সামির সাথেও সাক্ষাত ও বৈঠক করবেন।
