২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকান্ড থেকে বিরত থাকুন: বিএনপি

প্রশাসনে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীকে পরামর্শ দিয়েছেন বিএনপি নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে সংস্থাপন সচিবের সাথে দেখা করে তাকে এই পরামর্শ দেয়। দলের অন্য সদস্যরা হলেন সাবেক আমলা ও বিএনপির উপদেষ্টা মোফাজ্জল করিম, সাবেক সচিব শফিকুল ইসলাম ও ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন আহম্মেদ। তারা প্রায় ৩০ মিনিট ধরে বৈঠক করেন।

বৈঠক শেষে ওসমান ফারুক সাংবাদিকদের বলেন, “বিশেষ কোন বিষয় নিয়ে আলোচনার জন্য নয়, একতরফা কথা শুনে প্রশাসন যেন অভ্যস্ত না হয়ে পড়ে, দলীয় চেয়ারপার্সনের নির্দেশে সে কথা মনে করিয়ে দিতে এসেছি। সময় মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলেছি। প্রশাসন সহায়তা চাইলে যে কোন ধরণের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।”

তিনি বলেন, “নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর উচিত এতে সহায়তা দেয়া। আমরা সচিবকে প্রয়োজনে যে কোন ধরণের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছি। একই সাথে প্রশাসনে যেন কোনো অস্থিরতা সৃষ্টি না হয়, সেজন্য তাকে পরামর্শও দিয়েছি। দুই উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী ও আকবর আলি খানকেও আমরা একই কথা বলেছি।”

উত্তরায় সরকারি কর্মকর্তাদের বৈঠকসহ বিভিন্ন ঘটনার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে বিভিন্ন সংবাদপত্রে যথাযথ সংবাদ পরিবেশিত হয়নি। আমরাও চাই সরকারি কর্মকর্তারা রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত না হোন। এ বিষযে তদন্ত কমিটি প্রয়োজনীয় দিকগুলো খতিয়ে দেখবে। কিন্তু অবসরপ্রাপ্ত আমলারা মুক্ত বিহঙ্গ। তারা যেখানে খুশি সেখানেই যেতে পারেন।”

সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাপন সচিব বলেন, “প্রতিনিধি দলের সদস্যরা প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তবে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এমন কোন নজীর তারা দেখাতে পারেন নি।”