২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টাদের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

খালেদা জিয়া বলেন, “উপদেষ্টাদের কেউ কেউ সংবিধানে শপথ নিয়ে সে অনুযায়ী কাজ করছেন না, তাঁরা শপথ ভঙ্গ করেছেন। তাঁদের কথা শুনে মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচন যাতে না হয় সেজন্য তাঁরা কাজ করছেন।”

বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ ব্যাংক অ্যামপ্লয়িজ ফেডারেশন আয়োজিত ‘সচেতন দেশপ্রেমিক ব্যাংক অ্যামপ্লয়িজ কর্মকর্তা-কর্মচারি’ প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি নেত্রী বলেন, নির্বাচন যথাসময়েই হবে। কারণ দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।

ব্যাংক অ্যামপ্লয়িজ ফেডারেশন সভাপতি বিএম বাকীর হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী।

খালেদা জিয়া উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের বাড়িতে সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে তদন্তের প্রসঙ্গে বলেন, “এই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পান্ডা গার্ডেন ও জনতার মঞ্চে অংশ নেওয়া কর্মকর্তাদের বিচার কেন হবে না?”

উপদেষ্টাদের উদ্দেশ্য করে খালেদা বলেন, “উপদেষ্টাদের কেউ কেউ এক নেত্রীর বাড়িতে গোপনে দেখা করে বৈঠক করেছেন। কিন্তু এক দেশে দুই রকম নিয়ম হতে পারে না।”

অর্থ উপদেষ্টা আকবর আলী খানের নাম উল্লেখ না করে খালেদা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে যেভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তা করা হয়নি। কিন্তু উপদেষ্টাদের মধ্যে এমন একজন আছেন যিনি তখন চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। কিন্তু তখন তাঁর চুক্তি বাতিল করা হয়নি।”

বিএনপি চেয়ারপারসন ব্যাংক কর্মকর্তা-কর্মচারিদের আগামী জাতীয় নির্বাচনে চার দলের পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

১৪ দলীয় জোটের কর্মসূচিকে নৈরাজ্যকর অভিহিত করে খালেদা জিয়া বলেন, “আগামী নির্বাচনে ভরাডুবি হবে জেনেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। অন্য কারও স্বার্থ হাসিলের জন্য তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।”

১৪ দলীয় জোটকে নৈরাজ্য পরিহার করে নির্বাচনে আংশ নেওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, “তা না হলে আপনাদের অপকর্মের জন্য এবার আপনারা আরও কম আসন পাবেন।”