২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিনের প্রধান উপদেষ্টা পদ নেওয়ার বৈধতা নিয়ে বৃহস্পতিবার আদেশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের দায়িত্ব নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট আবেদনের শুনানি বুধবার শেষ হয়েছে। বৃহস্পতিবার আদালত এ দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 10:59 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ না করে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন ও তফসিল ঘোষণা নিয়ে দায়ের করা অপর দুটি রিট মামলার ওপরও শুনানি হতে পারে একইদিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ১৪ দল ও আন্দোলনকারী দলগুলোর ১০ নেতা ২৬ নভেম্বর রোববার বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর আদালতে এ আবেদন দায়ের করেন।

এর আগে গত ২০ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে আদনান আনোয়ার একই বিষয়ে অপর একটি রিট মামলা দায়ের করেন।

বুধবার বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দিনব্যাপী এ বিষয়ে দায়ের করা পৃথক দুটি রিট মামলার ওপর শুনানি গ্রহণ করে।

এসময় ১৪ দলের পক্ষে ড. কামাল হোসেন বলেন, “সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তিকে। কিন্তু রাষ্ট্রপতি দলীয় লোক বলে এক্ষেত্রে প্রধান উপদেষ্টা হওয়ার শর্ত পূরণ হয়নি।”

একই পক্ষের অপর আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, “রাষ্ট্রপতি সংবিধানের ৫৮ গ(৩), (৪) ও (৫) অনুচ্ছেদের বিধান যথাযথভাবে প্রয়োগ না করেই অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন।”

আদনান আনোয়ারের পক্ষে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, “প্রধান উপদেষ্টার পদে থাকা রাষ্ট্রপতি একটি দলের প্রতিনিধি হওয়ায় উনি নিরপেক্ষ নন। এর ফলে প্রধান উপদেষ্টার পদ নিয়ে রাষ্ট্রপতি ক্ষমতার অপব্যবহার করেছেন।”

অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, “জনস্বার্থের নামে এমন কোনো মামলা নেওয়া যাবে না যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর রাষ্ট্রপতি সংবিধানের ৫৮ (গ) এর সবগুলো বিকল্প শেষ করেই প্রধান উপদেষ্টা হয়েছেন।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একজন নাগরিককে প্রধান উপদেষ্টা করা যেত-আদালতের এমন বক্তব্যের জবাবে এটর্নি জেনারেল বলেন, তখনকার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আনতে হবে। দেশ রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতি এই দায়িত্ব নিয়েছেন। তা না হলে দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত।

অ্যাটর্নি জেনারেল বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ না করতে বাধ্য করা হয়েছিল। এরপরও রাষ্ট্রপতি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যতদূর সম্ভব আলোচনা করেেেছন। কে এম হাসান অপারগতা প্রকাশ করায় এবং তার আগে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী মারা যাওয়ায় রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতির অপশনে গেছেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি এ পদ গ্রহণ করেন।

অন্যদিকে ড. কামাল হোসেন আদালতকে বলেন, রাষ্ট্রপতি দলীয় ব্যক্তি। তিনি নিজেই প্রধান উপদেষ্টা হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয় ও নিরপেক্ষতার সাংবিধানিক শর্ত পূরণ হয়নি। ড. কামাল রুল জারির প্রার্থনা জানালে বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা ‘না না’ বলে চিৎকার করে ওঠেন।

আদালত এ পর্যায়ে বৃহ¯পতিবার আদেশ দেওয়া হবে বলে জানান।

শুনানি শেষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, এজে মোহাম্মদ আলী সাবেক জোট সরকারের নাকি তত্ত্বাবধায়ক সরকারের এটর্নি জেনারেল তা বোঝা যাচ্ছে না।

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় আইনজীবীরা ধর ধর রব তুলেন।