২১ জানুয়ারির নির্বাচন প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তুষ্ট
আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে কমিশন সচিবালয়ে ফিরে বিকাল পৌনে ৪ টায় সাংবাদিকদের এ কথা জানান।
সচিব বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনী প্রস্তুতির ব্যাপারে তাকে অবহিত করার জন্যই সাক্ষাত করতে গিয়েছিলাম।”
নির্বাচনের তফসিল পরিবর্তন কিংবা স্থগিত করার বিষয়ে সচিব বলেন, তফসিল পরিবর্তন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোন আলোচনা হয়নি। তবে দেশের রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তবে সংবিধানের আওতায় তফসিল পরিবর্তন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সচিব আবদুর রশীদ জানান, ২৫ জানুয়ারির মধ্যে ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেদিকে সবার নজর রাখতে হবে। তবে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁঁছে তাহলে মনোনয়নপত্র জমা, বাছাই বা প্রত্যাহারের তারিখ পরিবর্তন করা যায়। অতীতেও এর নজির আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রশীদ সরকার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য রাষ্ট্রপতিকে একাধিকবার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবারও এই অনুরোধ জানানো হয়। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকলে স্বাভাবিকভাবেই নির্বাচন ব্যাহত হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বিকাল পৌণে ৫ টায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা গাড়ি বারান্দায় তাকে ঘিরে ধরেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, “সচিবই তো সব বিষয় পরিষ্কার করে বলেছেন।”
সদ্য নিয়োগপ্রাপ্ত কমিশনার এবং সাবেক পুলিশ প্রধান মোদাব্বির হোসেন চৌধুরীও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত গাড়িতে উঠে চলে যান।
পাকিস্তান সেনাবহিনীতে থাকার সময় তিনি সেদেশের পক্ষে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর সংক্ষিপ্ত উত্তর ছিল “সবই মিথ্যা কথা।”
অপর সদ্য নিযুক্ত কমিশনার মো. সাইফুল আলমও সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিদেশী পর্যবেক্ষকরা কিভাবে আগামী নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তা নির্ধারণ করার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে আধঘন্টাব্যাপী এ বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
বৈঠক শেষে বের হয়ে আসলে সাংবাদিকরা হেমায়েতউদ্দিনকে প্রশ্ন করলেও তিনি ছিলেন নিশ্চুপ।
প্রসঙ্গত বিদেশী পর্যবেক্ষকদের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার কথা রয়েছে।
আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ডিসেম্বর থেকে বিদেশী পর্যবেক্ষকরা এদেশে আসতে শুরু করবেন।
