চাকরি নিয়ে মহিলাদের বিদেশ যাওয়ার আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে
চাকরি নিয়ে মহিলাদের বিদেশ যাওয়ার আগে প্রতারক চক্রের হাত থেকে রক্ষায় আবারো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া চাকরি নিয়ে বিদেশ যাওয়ার আগে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে রিপোর্ট করার বিষয়টিও বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব দিদারুল আনোয়ার এক সংবাদ সম্মেলনে সোমবার একথা জানান।
এসময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক আব্দুল মালেকসহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিদারুল আনোয়ার বলেন, গত ১৭ নভেম্বর মন্ত্রণালয় ও জনশক্তি ব্যুরোর অনুমোদন ছাড়াই বিদেশ নিয়ে যাওয়ার সময় ৩১ মহিলাকে আটক করার ঘটনার পর এই উদ্যোগ নেয়া হয়। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলেও তাদের মন্ত্রণালয়ের অনুমোদন ছিল না।
তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে মহিলা কর্মীদের মন্ত্রনালয়ের অনুমোদন নেয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু প্রায় এক বছর আগে তা পরিবর্তন করে শুধুমাত্র গৃহপরিচারিকা হিসেবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নেয়ার বিধান করা হয়।
তিনি বলেন, ওই ৩১ মহিলাকে বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টার সঙ্গে মন্ত্রণালয় ও ব্যুরোর কেউ জড়িত কিনা, তা খুঁজে বের করার জন্য গঠিত তদন্ত কমিটি এরইমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় জনশক্তি ব্যুরোর পরিচালক (ইমিগ্রেশন) মঞ্জুরুর রহমানকে ওএসডি করা হয়েছে।
এছাড়া বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের চারজনকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়। এরা হচ্ছে-কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, হাফিজুর রহমান, জনশক্তি জরিপ কর্মকর্তা হাসানুল জাহিদ ও কম্পিউটার অপারেটর মোশাররফ হোসেন।
ঘটনার সময় ডেস্কের ডাটাবেজ সমৃদ্ধ কম্পিউটারটি বন্ধ থাকার কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করে দিদারুল আনোয়ার বলেন, অনিয়ম ও প্রতারণা সাথে জড়িত জনশক্তি ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে প্রায় ৬০ লাখ বাংলাদেশী বিভিন্ন দেশে কর্মরত আছেন। এদের মধ্যে মন্ত্রণালয় অনুমোদিত কর্মীর সংখ্যা প্রায় ৪৪ লাখ। আর মহিলার সংখ্যা প্রায় ২০ হাজার।
তিনি আরো বলেন, গত পাঁচ বছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ১৪ লাখ কর্মীকে বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে এ বছরে পাঠানো হয় প্রায় তিন লাখ।
