জনতার আদালতে বিচার হবে প্রধান উপদেষ্টার: জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল প্রধান উপদেষ্টার পদ থেকে অবিলম্বে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবি করে বলেছেন, “তাঁর বিচার কেবল আদালতেই হবে না, জনতার আদালতেই তার বিচার হবে।”
পাশাপাশি তিনি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্র্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তত্ত্বাবধায়ক সরকারের ১০ জন উপদেষ্টার প্রতি আহবান জানান।
আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আবদুল জলিল এসব কথা বলেন ।
জলিল বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান প্রতিবন্ধক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিনের পদত্যাগ, নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ, ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না করলে জনগণ কোনো নীলনকশার নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না ।
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নীলনকশা অক্ষত রাখতে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি রাজনৈতিক সংকটকে গভীরতর করে তুলছে বলে জলিল অভিযোগ করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে সকল পথ রাষ্ট্রপতি বন্ধ করে দিয়েছেন।
