২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ৩ ছাত্রলীগ নেতা আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের তিন নেতা আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রোববার গভীর রাতে (রাত ১ টায়) মীর মোশাররফ হোসেন হল শাখার সাধারণ সম্পাদক শুভ, সহ সভাপতি ইমরান, মোনায়েম, অপু ও জাকিরসহ ১০/১৫ জন নেতাকর্মী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল, সঞ্জয় সাহা ও নাজমুল আলম তরুর ওপর অতর্কিত হামলা চালায়।

আহতদের মধ্যে তরুকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং দুলাল ও সঞ্জয়কে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের উপযুক্ত বিচার ও ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী অছাত্র ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিককে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

দাবি মানা না হলে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের হুমকি দিয়েছে ছাত্রলীগ।

এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বলেন, ‘প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাদের ওপর হামলা চালিয়েছে। আমরা আর ছাড় দিবো না।’

অন্যদিকে ছাত্রদলের মীর মোশাররফ হোসেন হলের সাধারণ সম্পাদক মহিউদ্দীন শুভ বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি করছিল। তাই তাদের একটু শাসন করা হয়েছে।’

প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্ম্দ কামরুল আহসানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হামলাকারী ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কারণ দর্শানো নোটিশের উত্তর দিতে বলা হয়েছে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবারে ক্যাম্পাসে ছাত্রলীগের আহুত সর্বাত্মক ছাত্র ধর্মঘট নিয়ে সোমবার রাত আটটায় নিরাপত্তা সেলের আহবায়ক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খানের সভাপতিত্বে ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে করণীয় ’ শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হবে।