বঙ্গভবনের চারপাশে ১৪ দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালন
দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে ১৪ দল সোমবার বঙ্গভবনের চারপাশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।
তবে এসময় রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ বঙ্গভবনে ছিলেন না। বেলা সোয়া ১১ টায় তিনি উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের উদ্দেশে উপদেষ্টা কার্যালয়ে চলে যান।
১৪ দল নির্ধারিত ১১টি পয়েন্ট-শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, মুক্তমঞ্চ, জিরো পয়েন্ট, স্টেডিয়াম গেইট, গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু স্কয়ার, নবাবপুর মোড়, জয়কালী মন্দির রোড এবং ইত্তেফাক মোড়ে কয়েক হাজার জনতা কর্মসূচি পালন করে।
১৪ দলের নেতা-কর্মীরা বিভিন্ন পয়েন্টে বক্তৃতা করেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে, দৈনিক বাংলার মোড়ে ১৪ দলের মিছিল এগিয়ে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
অবস্থান কর্মসূচি উপলক্ষে পুরো বঙ্গভবন এলাকা ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর দখলে। কার্যত রোববার রাত থেকেই বঙ্গভবনের চারপাশের এলাকায় যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকজনকে প্রধানত পায়ে হেঁটেই ওই এলাকায় চলাচল করতে হয়েছে।
