নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তায় কমিটি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত এবং যাবতীয় কার্যক্রমে সহযোগিতা করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকের নামে যাতে কোন আন্তর্জাতিক সন্ত্রাসী দেশে ঢুকে পড়তে না পারে সে বিষয়টিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে নবগঠিত এই কমিটি।
সোমবার সকাল ১০ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
স্বরাষ্ট্র সচিব এস এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন সদস্যবিশিষ্ট এই কমিটির প্রধান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীনকে। বাকী দুজন সদস্যের নাম ঘোষণা করা হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক এবং নির্বাচন কমিশনের একজন যুগ্মসচিব অপর দুই সদস্যের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব এস এম জহুরুল ইসলাম জানান, এই কমিটি ‘ওয়ান স্টপ সেন্টার’ হিসেবে কাজ করবে। অর্থাৎ বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকরা এই কমিটির মাধ্যমে তাদের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। তিনি আরো জানান, নির্বাচন পর্যবেক্ষণে এদেশে আসার জন্য আবেদনপত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিদের এই ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে এবং তা পূরণ করে বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে।
সচিব আরও বলেন, পর্যবেক্ষকদের ভিসা সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করেই তাদের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে।
এ ছাড়া বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের নামে যাতে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী দেশে ঢুকে যেতে না পারে সে বিষয়টিও কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে বলে তিনি জানান। এক্ষেত্রে ইন্টারপোল, এফবিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে সন্ত্রাসীদের যে তালিকা রয়েছে তা থেকে যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম সম্পন্ন করা হবে। এ ছাড়া, বাংলাদেশ সরকারের কাছে সন্ত্রাসীদের নামের যে তালিকা রয়েছে তাও পরীক্ষা করে দেখা হবে।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র সচিব বলেন, “এখনও পর্যন্ত কোনো ধরনের জঙ্গিবাদের হুমকি পাওয়া যায়নি। কারণ বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে জঙ্গি নিধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত৯৬২ জন জঙ্গি বা চরমপন্থী গ্রেপ্তার হয়েছে।”
সচিব আরও বলেন, বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হবে। এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দুর্গম চরাঞ্চল, পার্বত্য এলাকাসহ এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিদর্শনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
২০০১ সালের সাধারণ নির্বাচন পরিদর্শনে ২১৫ জন বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষক এসেছিলেন। আসন্ন নির্বাচনে এই সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার বাণিজ্য কার্যালয়ে শুক্রবারের গোপন বৈঠকের ঘটনার বিষয়ে সচিব জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। তাদের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
