২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব দূর হলো’

বিএনপির হাই কমিটির সদস্য ও সদ্যসমাপ্ত অষ্টম জাতীয় সংসদের চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, “এ তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছিলো তা কেটে গেছে। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে এখন সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আমি আশা করবো, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দেলোয়ার হোসেন সবগুলো রাজনৈতিক দলকে নির্বাচনী কাজে মনোনিবেশ করতে বলেন এবং একই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে আহবান জানান।

বিএনপির সহসভাপতি সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, “সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প সেই। নির্বাচন কমিশন সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে যথাসময়ে তাদের তফসিল ঘোষণা করে দেশের মানুষেরই আকাংখার কথা বলেছে।”

তরিকুল আরও বলেন, “বিএনপি একটি নির্বাচনী দল। আমরা চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিক। দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত।”