পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বঙ্গভবন
১৪ দলের অবস্থান কর্মসূচির প্রেক্ষাপটে বঙ্গভবনের সবগুলো প্রবেশমুখে কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ বাহিনীই অবরুদ্ধ করে রেখেছে বঙ্গভবন।
‘চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়ার কারণে ওই এলাকার কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়ায় পুরো শহরে সৃষ্টি হয়েছে চরম যানজটের।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মসূচি চালানোর ঘোষণা থাকলেও দাবি আদায়ের লক্ষ্যে তা আরো বাড়তে পারে বলে ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এলডিপি ও জাকের পার্টিও এ কর্মসূচিতে ১৪ দলের সঙ্গে আছে।
অন্যদিকে ১৪ দলের এ কর্মসূচির পাল্টা হিসেবে সোমবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বে চার দল।
অন্য দিনের মতো সোমবারও সবচেয়ে বিপাকে পড়েছেন অফিসগামীরা। পায়ে হেঁটেও কাঁটাতারের বেড়া অতিক্রমের অনুমতি পাচ্ছেন না তারা। নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশ বাহিনীর সদস্যরা বলছেন, তাদের উপরে নির্দেশ আছে যেন কেউ এ ‘ব্যারিকেড’ না টপকায়।
সকাল ১০টায় দেখা গেছে মহানগর নাট্য মঞ্চের সামনে, বঙ্গভবন পার্কের সামনে, বঙ্গভবনের দক্ষিণে জয়কালী মন্দির সড়ক, ডিআইটি রোডে রাজউক ভবনের সামনেএবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
দুপুর ১০টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় বঙ্গভবনকে ঘিরে নগরীর বিভিন্ন জায়গায় ১৪ দলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হচ্ছে।
