২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন

নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ তফসিল অনুযায়ী আগামি ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশন সচিব আবদুল রশীদ সরকার সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 03:07 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

তফসিল ঘোষণা করতে গিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন নির্বাচন কমিশন সচিব।

“তড়িঘড়ি করে এবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো কেন?” উপস্থিত সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে সচিব বলেন, এবছর বিজয় দিবস, ঈদ, বড়দিন ও নববর্ষসহ বেশ কয়েকদিন ছুটি পড়ে যাওয়ায় এবং ভোটারের সংখ্যা বেশি হওয়ায় আগেই ঘোষণা করতে হলো।”

“আপনি কি আরেকটি ১৫ ফেব্রুয়ারির মত নির্বাচন জাতিকে উপহার দিতে যাচ্ছেন?”

এর জবাবে সচিব বলেন, “এবার সে অবস্থা হবে না। আমাদের হাতে সময় কম। দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা সবার সহযোগিতা চাই।”

“এর আগের নির্বাচনগুলোতে তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হতো। এবার কেন করা হলো না?” এর উত্তরে তিনি বলেন, “সময় স্বল্পতার কারণে এবার তা করা সম্ভব হয়নি। তাছাড়া ঐক্যমত্যের ভিত্তিতেই তা করা হবে এমন কোনো নিয়ম নেই।”

প্রশাসনের রদবদল ঠেকানোর জন্যই আপনারা তফসিল ঘোষণা করেছেন কিনা প্রশ্নের উত্তরে সচিব বলেন, “না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

এর আগে উপদেষ্টাদের কেউ কেউ বলেছিলেন এবার তফসিল ঘোষণায় দেরি হতে পারে। কাজেই এখন তফসিল ঘোষণা করায় একটা পরস্পরবিরোধিতার ঘটনা ঘটলো কিনা-এরকম একটি প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, “না, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সবকিছু করা হয়েছে।”

“আপনার হাতে ভোটার তালিকা নেই, তাহলে কী দিয়ে নির্বাচন করবেন?” সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের হাতে ভোটার তালিকা আছে।”

‘মধ্য রাতে বঙ্গভবনে গিয়েছিলেন কেন ?’-এর জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “মধ্য রাতে নয়, আমি সেখানে গিয়েছিলাম রাত সাড়ে ৮টায়। রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি এবং অন্য দুজন কমিশনার নিয়োগ নিয়ে কথা বলতে গিয়েছিলাম।”

১৪ দল আপনার নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছে বলে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সচিব বলেন, “দেখি কি অবস্থা হয়।” নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে চার দলীয় জোট ও ১৪ দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে কিনা প্রশ্নে আবদুর রশীদ সরকার একই জবাব দেন।

২০০১ সালের নির্বাচনের ৪৪ দিন আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল। আর এবার তা করা হলো ৫৪ দিন আগে। এই তড়িঘড়িটা কেন হলো? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সচিব বলেন, “গতবার তো এতো ছুটি ছিল না। আর পরিস্থিতিও এমন ছিল না।”

এর আগে সোমবার নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ১১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর।

নির্র্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন সচিব আব্দুল রশীদ সরকার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

এর আগে সচিব ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান এবং অপর দুই কমিশনার স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুরের কাছ থেকে নির্বাচনী তফসিল ঘোষণার সম্মতি গ্রহণ করেন। বেলা সাড়ে ১২টায় প্রজ্ঞাপনটি চূড়ান্ত করা হয়।

রোববার রাতে নির্বাচন কমিশন সচিব ও এটর্নি জেনারেল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে তফসিল ঘোষণার সম্মতি নেন।

সাধারণত তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হয়ে থাকে। কিন্তু এই প্রথম কোনো আলোচনা ছাড়াই এটা ঘোষণা করা হলো। এ ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করার কথা থাকলেও এবার সে নিয়মও ভঙ্গ করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। ২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি।