২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনে আরো রদবদল করা হয়েছে। বদলির আদেশ পাওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় মাঠ প্রশাসনের ২০ জেলা প্রশাসককে রোববার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এছাড়া নতুন করে ১৩ জনকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

উত্তরায় সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেয়ায় সাভারের ইউএনও এজেএম সালাউদ্দিন নাগরীকে ওএসডি করা হয়েছে। পৃথক পৃথক প্রঞ্জাপনে প্রশাসনিক রদবদলের এই ঘোষনা দেওয়া হয়।

সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন-কুমিল্লার মিজানুর রহমান, খুলনার ইলিয়াস হোসেন, রংপুরের নজরুল ইসলাম খান, সিরাজগঞ্জের আমিনুল বর চৌধুরী, পটুয়াখালীর হাসান জাহাঙ্গীর আলম, নেত্রকোনার আবুল কাশেম বোরহান উদ্দিন, গাইবান্ধার মজিবুর রহমান, যশোরের আবদুল খালেক ও চুয়াডাঙ্গার ডিএম গোলাম ফারুক।

এদের মধ্যে মিজানুর রহমানকে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক পদে বদলি ও অন্য আটজনকে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আইয়ুব মিয়াকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রশিদুল হককে গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার সৈয়দ হাসিনুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু তাহের খন্দকার মোহা. ইসমাইলকে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার বাহাজউদ্দিন মিয়া ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তালেব মিয়াকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামীমা সুলতানা ও রাজশাহীর রেশম বোর্ডের সচিব আবদুল মজিদকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ডব্লিউটিও সেলের পরিচালক ওমর ফারুককে ঢাকা এবং ওএসডি উপসচিব ইউসুফ আলীকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।

এছাড়া নয়জনকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও তিনজনকে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে জামালপুরের ইসলামপুরের ইউএনও জাকির হোসেনকে হবিগঞ্জে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব কাজী নাজির হোসেনকে মাগুরা, বগুড়া ধুপচাচিয়ার ইউএনও দেলোয়ার হায়দারকে ঠাকুরগাঁওয়ে, চট্টগ্রাম ওয়াসার ম্যাজিস্ট্রেট জ্যোতি লাল কুরীকে কক্সবাজারে, টাঙ্গাইলের জেলা পরিষদ সচিব আলমগীর হোসেনকে সিরাজগঞ্জে, যশোর ক্যান্টনমেন্টের নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনকে রংপুরে এবং সংস্থাপন মন্ত্রণালয়ের দিলীপ কুমার বনিক, মোহাম্মদ ইয়ামিন ও গোপালগঞ্জের কাশিয়ানির ইউএনও এসএম আশরাফুজ্জামানকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

একই সাথে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাসুদুর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম ফজলুর রহমান ও মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক তন্দ্রা সিকদারকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব শফিকুল ইসলামের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর অপারেশন ম্যানেজার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক আজহারুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান হিসেবে বদলি করা হয়েছে। এদিকে ১৬ নভেম্বর চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার কর এবং সহকারি পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ স্থগিত করা হয়েছে।