২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নিয়ে দিল্লীর পদক্ষেপে ঢাকা উদ্বিগ্ন

ভারতের মনিপুর রাজ্যের চুরকচাঁদপুর টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে নয়া দিল্লীর বাংলাদেশ হাইকমিশনের কাছে ভারত সরকারের সবর্শেষ পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “নয়া দিল্লীতে আমাদের হাইকমিশনের কাছে আমি এ ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছি।”

পিটিআই এবং কলকতার টেলিগ্রাফসহ ভারতীয় গণমাধ্যমগুলো লিখেছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং দু’ দিনের সফরে (২৭ ও ২৮ নভেম্বর) মনিপুরে যাবেন। মনমোহন সিং তাঁর সফরের প্রথম দিন টিপাইমুখ বাধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন।

পররাষ্ট্র এবং পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, টিপাইমুখ বাধ প্রকল্প নিয়ে ভারত সরকারের পদক্ষেপের ব্যাপারে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

চলতি বছরের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নয়া দিল্লী সফরকালে এবং ভারত সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বাংলাদেশ সফরের সময় প্রতিবেশী ভারত নিশ্চিত করেছিল যে, বাংলাদেশের ক্ষতি হয়– এমন কোনও একতরফা সিদ্ধান্ত তারা নেবে না।

তবে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের বৈঠকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভারত টিপাইমুখ বাধ প্রকল্প নির্মাণের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল।

টিপাইমুখ বাধ প্রকল্পের কাজ শুরুর সম্ভাবনা দেখা দেওয়ায় শুধু বাংলাদেশেই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি, ভারতেও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, টিপাইমুখ প্রকল্পবিরোধী কার্যকরী কমিটিসহ (এসিএটিপি) বেশ কয়েকটি সামাজিক সংগঠন চুরকচাঁদপুর জেলার টিপাইমুখে বরাক নদীতে বাধ নির্মাণ সংক্রান্ত প্রস্তাবিত প্রকল্পের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রতিবাদ জানিয়ে আসছে।

কলকতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ১৯৫৪ সালে ৬ হাজার ভারতীয় রুপি ব্যয়ে বহুমুখী বরাক প্রকল্প নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। পরবর্তী সময়ে পানি এবং ভূমিকম্প সংক্রান্ত তথ্য অনুসন্ধানসহ বিভিন্ন সমস্যার কারণে এ কাজ পিছিয়ে যায়।

ভারতের মনিপুরের সিটিজেন কনসার্ন ফর ড্যামস অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডিডি) এর এক বিবৃতিতে প্রকল্পের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, টিপাইমুখ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি মনিপুর, মিজোরাম, আসাম ও বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা এবং আন্দোলনকে দমিয়ে দেওয়ার আরও একটি পদক্ষেপ। এসব এলাকার মানুষই এ বৃহৎ প্রকল্পের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষজ্ঞরাও এ প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার। তারা এটিকে ‘একটি অমানবিক পরিকল্পনা’ বলে চিহ্নিত করেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে তারা জানিয়েছেন।

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, “টিপাইমুখ বাধ প্রকল্প বাস্তবায়িত হলে বরাক ও সুরমা নদীর অববাহিকায় বৃহত্তর সিলেট অঞ্চলের জীববৈচিত্র, ঐতিহ্য এবং জীবনজীবিকা ক্ষতিগ্রস্ত হবে।”

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. খলিকুজ্জামান বলেন, প্রকল্পের কাজ শেষ হলে বর্ষা মৌসুমে বরাক (সুরমা) নদীর ৫০ থেকে ৬০ শতাংশ পানি আটকা পড়ে যাবে এবং শুষ্ক মৌসুমে সুরমার পানির স্তর অনেক নেমে যাবে।

আটকে রাখা পানি নিষ্কাশনের জন্য যখন বাঁধের স্লুইস গেট খুলে দেওয়া হবে তখন বাংলাদেশের সুরমা অববাহিকার মানুষ আকস্মিক বন্যার কবলে পড়বে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।