২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্র শিবিরের শোভাযাত্রা উদ্বোধন করলেন উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কর্মসূচি না নিলেও এ উপলক্ষে আয়োজিত ছাত্রশিবিরের শোভাযাত্রা উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 10:23 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য ফিতা কেটে ছাত্র শিবিরের শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.এস.এম. আনোয়ারুল করিম ও প্রক্টর অধ্যাপক ড. আলীনূর রহমান। এছাড়া ছাত্রদল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে।

এদিকে, গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও প্রশাসন কোন কর্মসূচি না নেওয়ায় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রীসহ আওয়ামী পন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ক্ষোভ প্রকাশ করেছে।

আওয়ামী পন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি অধ্যাপক ড. আব্দুল আহসান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন কর্মসূচি না নেয়া কর্তৃপক্ষের সীমাহীন ব্যর্থতা।”

প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর বলেন, “যে ব্যক্তি নিজের জন্ম দিনের কথা ভুলে যায়, সে নিজের সম্পর্কে উদাসীন। বর্তমান প্রশাসন প্রতিষ্ঠা বার্ষিকীর কথা ভুলে গিয়ে উদাসীনতার পরিচয় দিয়েছে।”

তবে শিগগিরই কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠা বার্ষিকী পালন কমিটির সদস্য সচিব ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক গোলাম সাকলায়েন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় রোজা, ঈদ ও পূঁজার ছুটি এবং দেশের রাজনৈতিক সমস্যায় দীর্ঘদিন বন্ধ থাকায় এ বছর কোন কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয়নি।”