২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছে: মাহমুদুর রহমান

সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তিনি বলেছেন, গণমাধ্যম তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

মাহমুদুর রহমান রোববার বিকেলে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আর্টিসান সিরামিকসে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আমলাদের নিয়ে বৈঠক করার পর দেশের সব গণমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থণ করে তড়িঘড়ি করে তিনি এ সংবাদ সম্মেলন ডাকেন।

মাহমুদুর রহমান সাংবাদিকদের পাপারাৎসি হিসেবে আখ্যায়িত করে বলেন, “দেশের একজন নাগরিক হিসেবে আমারও ব্যক্তিগত গোপনীয়তা থাকতে পারে। অতিথি আপ্যায়নের অধিকারও আমার আছে।” আমন্ত্রিতরা যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের ওপর সাংবাদিকরা হামলে পড়ে বলে তিনি অভিযোগ করেন।

ওই দিনের ভোজসভার কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে ৩০ জন অতিথি ছিলেন। যার মধ্যে ১৫ জনই বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বাকিরা ছিলেন প্রশাসনের সাবেক কর্মকর্তা।”

সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে ভূয়া অভিহিত করে তিনি বলেন, সেখানে পুলিশের কোনও সাবেক আইজি কিংবা বর্তমান প্রশাসনের কোনও সচিব ছিলেন না। তবে নীল ব্লেজার পড়া যে ব্যক্তির ছবি ছাপা হয়েছে সে ব্যক্তি তার ভোজসভায় ছিল না। তিনি জোর দিয়ে বলেন, সে অবশ্যই বহিরাগত কেউ।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফটোসাংবাদিকরা যেভাবে ওই দিন বাইরে থেকে ভোজসভার ছবি তোলার চেষ্টা করেছে তা নিন্দনীয়। এটা আমাকে হতাশ করেছে।”

সাবেক জ্বালানী উপদেষ্টা দেশের গোপনীয়তা আইনের কথা উল্লেখ করে বলেন, “আমি যখন সরকারি চাকরি করতাম তখন এ ধরনের সামাজিক ভোজসভার খবর প্রকাশ ন্যয়সঙ্গত ছিল। কিন্তু আমি এখন সরকারের কোনও অফিসে চাকরি করি না। সুতরাং এ ধরণের সংবাদ প্রকাশ আমার ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের শামিল।”

তিনি শুক্রবারের ঘটনাকে ধৈর্যের “সীমা ছাড়িয়ে যাওয়া” হিসেবে উল্লেখ করে বলেন, কিছু কিছু গণমাধ্যমের মালিকরা এ ধরণের অনেক বৈঠক করেন। এসব বৈঠকে বড় বড় সচিবদের অতিথি করা হয়। তখন তো মিডিয়া এ নিয়ে গবেষণা করে না।

এ ধরণের ভোজসভার কেন আয়োজন করেছিলেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা ছিল একেবারেই সামাজিক সৌজন্যমূলক ভোজ সভা। কীভাবে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ চলছে আমি শুধু আমার বন্ধুদের সেটাই দেখাতে এনেছিলাম।”

শুক্রবারের ওই ঘটনার পরদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের টেলিভিশনের মন্তব্যেও তিনি বিস্মিত হয়েছেন বলে জানান। তিনি বলেন, “যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির আমার বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আমি দেখছি দেশে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটছে।”

সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের নিয়ে তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার রাতে গোপন বৈঠক করেন। এ ঘটনার সচিত্র খবরও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে।