২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমারত নির্মাণ নীতিমালা মানতে হবে: গৃহায়ন উপদেষ্টা

সংসদে আইন পাস ও সরকারি গেজেট প্রকাশের নয় মাস পর বাংলাদেশ জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা (বিএনবিসি) কার্যকর করা হয়েছে। চলতি বছরের ১৫ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে বিএনবিসি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ধীরাজ কুমার নাথ জানান, গোটা দেশের জন্য ঘোষিত ওই বিএনবিসিতে ইমারত নির্মাণ নীতিমালায় উল্লিখিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ, নির্মাণ কাজের ডিজাইন, তদারকি ও বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এর অন্যথা হলে সংশ্লিষ্টদের শাস্তি পেতে হবে।

অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সাত বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত করা হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ঘোষিত বিএনবিসি অনুযায়ী একটি নগর উন্নয়ন কমিটি গঠন করা হবে। কমিটি ভবন বা ইমারত নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও খুটিনাটি বিষয়গুলো মনিটরিং করবে। পুরনো ভবন বা ইমারতের ব্যাপারে কমিটি তেমন কোন ভূমিকা রাখবে না। তবে যদি কোন ভবন ঝুঁকিপূর্ণ হয় বা তেমন কোন তথ্য পাওয়া গেলে পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইতোমধ্যে নির্মিত ইমারতে ত্রুটির জন্য ভেঙ্গে ফেলার কোন উদ্যোগ নেওয়া হবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে বিএনবিসি প্রণয়ন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির প্রধান স্থপতি শাহ আলম জহিরউদ্দিন জানান, আমাদের দেশের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়। প্রয়োজনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে তা সারিয়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এ ধরনের অনিয়মের ক্ষেত্রে জরিমানার অংক আরো বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে জরিমানার ভয়েই অনেক অপরাধ কম হয়। বাংলাদেশেও বিএনবিসি কার্যকর করতে জরিমানার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘দি বিল্ডিং কনস্ট্রাকশন (সংশোধন) আইন, ২০০৬’ পাস হয়। আইনটি ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির অনুমোদন লাভের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। এরপর একটি বিল্ডিং কোড প্রণয়ন ও এতে আইন মন্ত্রণালয়ের মতামত (ভেটিং) পেতেই প্রায় নয় মাস সময় লেগে যায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, বুয়েটের উপাচার্য অধ্যাপক শফিউল্লাহ, ড. আজাদুর রহমান ও সচিব এসএম জাফর আহম্মেদ।