রাষ্ট্রপতিকে বিতর্কের ঊর্ধ্বে রাখুন: অর্থ উপদেষ্টা
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে বিতর্কিত করে না তোলার জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা আকবর আলি খান। রোববার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “রাষ্ট্রপতিকে বিতর্কিত করে তোলাটা দেশের জন্য হতাশাজনক হবে।”
অন্যদিকে জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা যাতে অক্ষুণœ থাকে সেজন্য তিনি কোনও বিতর্কিত সিদ্ধান্ত না নেওয়ার জন্যও রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।
আকবর আলী খান বলেন, “রাষ্ট্রপতি হচ্ছেন সবার উর্ধ্বে। সমগ্র জাতির কাছে তিনি পিতৃপ্রতীম একজন। তাকে সকল বিতর্কের বাইরে রাখুন।”
আকবর বলেন, “দেশের অন্তত একজন মানুষ বিতর্কের ঊর্ধ্বে থাকুক।”
আকবর আলী খান বাণিজ্য, পরিকল্পনা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান রাজনৈতিক সঙ্কট, নির্বাচন কমিশন পুনর্গঠন, সাবেক জ্বালানি উপদেষ্টার সঙ্গে সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনের তফসিল ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের মধ্যকার টানাপড়েনের ব্যাপারে উপদেষ্টা বলেন, পৃথিবীতে এমন কোনও সরকার নেই যাদের মধ্যে টানাপড়েন নেই। তবে তিনি এটাও বলেন যে, রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং উপদেষ্টা পরিষদের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে ক্রমেই উন্নতি ঘটছে।
রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে আকবর বলেন, “আমরা মাত্র তিন মাসের জন্য দায়িত্ব নিয়েছি। আমরা বিতর্কিত হলে কোনও সমস্যা নেই। বিতর্কিত কোনও সিদ্ধান্ত নিতে হলে আমরা নেব। তবু আপনি বিতর্কের ঊর্ধ্বে থাকুন।”
আকবর আলী খান আরও বলেন, “উপদেষ্টা পরিষদ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। এরই মধ্যে উপদেষ্টারা আইন-শৃঙ্খলা কমিটি গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।”
সময়ের ধারাবাহিকতায় পরিস্থিতির আরও উন্নতি হবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন।
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খান বলেন, “আমরা খুশি যে, দুটি প্রধান রাজনৈতিক দলই প্রধান নির্বাচন কশিনারকে সরিয়ে দেওয়ার বিষয়টিকে নিজেদের বিজয় বলে দাবি করছে।”
রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে একক ক্ষমতার অধিকারী উল্লেখ করে তিনি বলেন, “যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।”
সাবেক জ্বালানি উপদেষ্টার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের ব্যাপারে আকবর বলেন, গোটা ঘটনা তিনি মিডিয়ায় দেখে লজ্জিত হয়েছেন। ওইসব সরকারি কর্মকর্তাদের ‘তস্করের মতো’ আচরণ দেখে সাবেক একজন সরকারি কর্মকর্তা হিসেবে ‘মর্মাহত’ হয়েছেন বলেও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে এবং চাকরিবিধি অনুযায়ী তাদের শাস্তি হওয়া উচিত।”
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে আকবর বলেন, “নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন। তবে এ ব্যাপারে আমি যা বলতে পারি, আমি উদ্বিগ্ন।”
অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়টিকে অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখা যাবে না তিনি উল্লেখ করেন।
