শিক্ষকদের ৪ দলের পক্ষে কাজ করতে বললেন খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন নির্বাচনে ৪ দলীয় জোটের পক্ষে কাজ করার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় বিয়াম মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বিএনপি ও ৪ দলীয় জোটকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। আপনারা কথা দিন আমাদের জন্য কাজ করবেন। আমরাও ক্ষমতায় গেলে আপনাদের জন্য কাজ করবো।’
আওয়ামী লীগসহ ১৪ দলের কঠোর সমালোচনা করে বিএনপি নেত্রী বলেন, “১৪ দল দেশের উন্নয়ন চায় না। তারা কেবল অরাজকতা ও অশান্তি করতে চায়। আওয়ামী লীগ দুইবার ক্ষমতায় ছিলো কিন্তু দেশের কোনো উন্নয়ন করেনি।”
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, অধ্যক্ষ মফিজউদ্দীন চৌধুরী মাহমুদ, মাওলানা এম এ লতিফ, অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলামসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বক্তব্য রাখেন।
শিক্ষক নেতাদের অনেকেই আগামী নির্বাচনে ৪ দলীয় জোট ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি চান।
খালেদা জিয়া তাঁর বক্তব্যে স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “আওয়ামী লীগ শক্তিশালী সেনাবাহিনী চায় না। বরং তারা সেনাবাহিনীর বিকল্প প্রতিরক্ষা বাহিনী তৈরি করেছে। তাদের এ ধরনের ষড়যন্ত্র দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রতিহত করেছে।”
খালেদা জিয়া শিক্ষক সমাজকে প্রতিশ্রুতি দেন, ৪ দলীয় জোট আবারও ক্ষমতায় এলে মেয়েদের জন্যে বিনা বেতনে ডিগ্রী পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা করবেন।
