২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনের চারপাশে ১১ টি পয়েন্টে ১৪ দলের কর্মসূচি

দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে ১৪ দল ১১ টি পয়েন্টে জমায়েত হয়ে সোমবার বঙ্গভবনের চারপাশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার মহানগর ১৪ দলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়।

১৪ দল মহানগরীর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, “যতক্ষণ না জনগণের ভোটের অধিকার আদায় না হবে; ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

তারা বলেন, “শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। কিন্তু কেউ সেখানে বাধা দিলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। চারদিকে ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্র করে কেউ তাদের অপকর্মের বিচার থেকে রক্ষা পাবে না।”

বক্তারা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “দেশের মানুষের দাবির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তড়িঘড়ি করে মাহফুজুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও এক কোটি ৪০ লাখ ভুয়া ভোটারকে বাদ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হয়নি। অথচ নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা চলছে। কিন্তু তা করা হলে আপনাকে পদত্যাগে বাধ্য করা হবে।”

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, “প্রধান উপদেষ্টা নির্দলীয় ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। তিনি খালেদা জিয়া ও মান্নাম ভূঁইয়ার কথায় রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠন করা না হলে একদিন আপনার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের বিচার করা হবে।”

তোফায়েল আহমেদ বলেন,“রাষ্ট্রপতি খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বলেছিলাম। কিন্তু তিনি তা করেননি। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা অবরোধ স্থগিত করেছি, প্রত্যাহার করিনি। দাবি মানা না হলে আমরা আপনার পদত্যাগ দাবিতে লাগাতার অবরোধ শুরু করবো।”

সুুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আমরা চার ঘন্টার জন্য বঙ্গভবনে অবস্থান নিতে যাচ্ছি তা ভাববেন না। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না হলে আমরা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ততদিন সেখানে অবস্থান করবো।”

সভায় বক্তব্য রাখেন পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, নরুল ইসলাম, মাঈনুদ্দিন খান বাদল, ওবায়েদুল কাদের, এমএ গনি, বিমল বিশ্বাস, জাফর সাজ্জাদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুকুল বোস, হাজি মো. সেলিম, একেএম রহমত উল্লাহ, ডা. এইচবিএম ইকবাল, আলহাজ মকবুল হোসেন, কামরুল হাসান, হারুন চৌধুরী প্রমুখ।

১৪ দল নির্ধারিত ১১টি পয়েন্ট হলো-শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, মুক্তমঞ্চ, জিরো পয়েন্ট, স্টেডিয়াম গেট, গোলাপ শাহ মাজার, বঙ্গবন্ধু স্কয়ার, নবাবপুর মোড়, জয়কালী মন্দির রোড এবং ইত্তেফাক মোড়।