২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে শিবির-যুবলীগ সংঘর্ষে আহত ৪

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ে শনিবার রাতে শিবির ও যুবলীগ কর্মীদের সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

গুরুতর আহত মধ্যে যুবলীগ কর্মী চৌধুরী আলম (২৫) এবং শিবির কর্মী আমীরুল ইসলাম সোহেলকে (২০) কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের পোস্টার ছেঁড়া ও দেয়াল লিখন নিয়ে শনিবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে শিবির কর্মীরা যুবলীগ কর্মী চৌধুরী আলমের ওপর গরম দুধ ঢেলে দিলে তার শরীর ঝলসে যায়।

এ ঘটনায় থানা ছাত্র শিবিরের ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “তুচ্ছ ঘটনার জের ধরে শিবির কর্মী সোহেলের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে চৌধুরী আলম দোকানের কেটলির ওপর পড়ে আহত হন।”

থানা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন শিবির কর্মীদের দায়ী করে বলেছেন, “এটা পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।”

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন বলেন, “বিষয়টি নিয়ে উভয় দলের নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। আশা করি সমঝোতা হয়ে যাবে।”