ভোটার তালিকা ছাড়াই এ সপ্তাহে নির্বাচনী তফসিল
ভোটার তালিকা ছাড়াই চলতি সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মাহফুজুর রহমান রোববার দুপুর ৩ টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, এ মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এর আগে বেলা ২টার দিকে কমিশন সচিব আবদুর রশীদ সরকারও সাংবাদিকদের জানান, এবার ভোটারের সংখ্যা বেশী বলে হালনাগাদ ভোটার তালিকা ছাপতে কিছুটা সময় প্রয়োজন। তবে তফসিল ঘোষণার জন্য এই ভোটার তালিকা হাতে থাকার প্রয়োজন নেই। নির্বাচনের আগে ভোটার তালিকাটি মুদ্রিত আকারে পেলেই চলবে।
সচিব বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনের সময়ও ভোট গ্রহণের অল্প কিছুদিন আগে ভোটার তালিকা পাওয়া গেছে। তাছাড়া ২০০০ সালে করা মূল ভোটার তালিকাটিও কমিশনের কাছে আছে।
ভারপ্রাপ্ত সিইসি ও কমিশন সচিব দুজনেই নির্বাচনের বিভিন্ন প্রস্তুতির কথা উল্লেখ করেন।
নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজ বলেন, “ইনশাল্লাহ, আশা করি এ মাসেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।”
অপারেশন ক্লিনহার্ট চলার সময় তার বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, “আমার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে বললে মিথ্যা বলা হবে। আমার বাড়িতে অস্ত্র পাওয়া গেলে তো আমি আসামি হতাম, জেলে থাকতাম। অস্ত্র পাওয়া গেছে বাড়ির সীমানা প্রাচীরের পূর্ব পাশে, আরেক দিকে। ওই ঘটনায় আমার শালাকে আমার বাসা থেকে নয়, অন্য জায়গা থেকে ধরা হয়েছিল।”
এ বিষয়ে সংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বিচারপতি মাহফুজ বলেন, “আমার আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ অপরাধ করলে তার জন্য কি আমি দায়ী হবো?”
সাংবাদিকরা তার কাছে জানতে চান, “১৪ দল যেখানে আপনার পদত্যাগ চাইছে সে অবস্থায় নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না?” এর জবাবে তিনি বলেন, “আমাকে যদি কেউ পছন্দ না করে তাহলে কি আমি জোর করে পছন্দ করাতে পারবো? আমরা তো চেষ্টায় আছি, আমরা চাইছি সবাই নির্বাচনে আসুক।”
১৪ দলের আস্থা অর্জনের জন্য কোনো উদ্যোগ নেবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেন,‘ওয়েট এন্ড সি’।
ভারপ্রাপ্ত সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণ সম্পর্কে বিচারপতি মাহফুজুর রহমান বলেন, “জাতীয় পার্টির দায়ের করা একটা মামলার রায় অনুযায়ী ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব গ্রহণ করেছি আমি। ২০০১ সালে মামলাটির রায় হয়। অন্য দুজন নির্বাচন কমিশনারও আমাকে সমর্থন করেছেন। গণপ্রতিনিধিমূলক আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৪ ধারায়ও একই কথা বলা হয়েছে।” তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত সিইসি হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নেই।
সচিব আবদুর রশীদ সরকারও বিচারপতি মাহফুজের ভারপ্রাপ্ত সিইসি হওয়ার একই আইনগত ব্যাখ্যা দেন।
বুধবার রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে সচিব বলেন, “আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনের যে সারসংক্ষেপ তৈরি করা হয়েছে তাতে স্বাক্ষর দেওয়ার জন্য সেদিন রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। ”
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, এরই মধ্যে ১৮টি জেলায় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্রসহ বিভিন্ন ফরম পাঠানো হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা এসব ফরম রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া কমিশন নির্বাচনী উপকরণ ও নানা ধরনের সামগ্রী কমিশন সংগ্রহ করতে শুরু করেছে। ২০ ডিসেম্বরের মধ্যে ব্যালট বাক্স পাওয়া যাবে।
জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে এবার মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। ২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি।
