২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে তাড়াহুড়া চলবে না: রাষ্ট্রপতিকে আ. লীগ

নিয়ম না মেনে দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা এবং নির্বাচন কমিশনে বিতর্কিত ব্যক্তি নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতিকে সতর্ক করে দিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পাশাপাশি সাধারণ সম্পাদক আবদুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধি দল “উত্তরা ষড়যন্ত্রের” বিচার করার জন্যও রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন।

রোববার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে দুই ঘন্টাব্যাপী বৈঠকের পর আবদুল জলিল বঙ্গভবনের মূল ফটকে সাংবাদিকদের এসব কথা জানান। ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মোকাম্মেল হক এসময় তার সঙ্গে ছিলেন।

জলিল জানান, নির্বাচন কমিশনে আর কোনো বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না বলে আওয়ামী লীগ প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বারবার নির্বাচনী তফসিল ঘোষণা করতে বলছেন। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণার কিছু নিয়ম আছে। সব নিয়ম কানুন মেনেই তফসিল ঘোষণা করতে হবে। এর মধ্যে তাড়াহুড়োর কিছু নেই।”

সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের বৈঠক প্রসঙ্গে জলিল বলেন, “এ বৈঠক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। রাষ্ট্রপতিকে এর বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছি।”

নির্বাচন কমিশন সম্পর্কে জলিল বলেন, “রাষ্ট্রপতিকে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে হলে স ম জাকারিয়াকে সরাতে হবে। আর নতুন দুই কমিশনার নিয়োগ করতে হলে নিরপেক্ষ লোককে নিয়োগ দিতে হবে।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক তিনটি মামলা দায়েরের কয়েক ঘন্টা পর রোববার দুপুর ২টা ২৭ মিনিটে তারা বঙ্গভবনে যান।

১৪ দল ও সমমনা দলগুলো রোববার বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর আদালতে এ আবেদনগুলো দায়ের করে। সোমবার আবেদনগুলোর শুনানি হবে।