২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই নির্বাচনী তফসিল: ভারপ্রাপ্ত সিইসি

এ মাসেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

অপারেশন ক্লিনহার্টের সময় তার বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বললে মিথ্যা বলা হবে বলেও দাবি করেছেন তিনি। রোববার দুপুর ৩ টায় তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে ভারপ্রাপ্ত সিইসি আবারও বলেছেন, “ইনশাল্লাহ, আশা করি এ মাসেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।”

অপারেশন ক্লিনহার্ট চলার সময় তার বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে মাহফুজুর রহমান বলেন, ‘আমার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে বললে মিথ্যা বলা হবে। আমার বাড়িতে অস্ত্র পাওয়া গেলে আমি আসামি হতাম, জেলে থাকতাম। অস্ত্র পাওয়া গেছে বাড়ির সীমানা প্রাচীরের পূর্ব পাশে, আরেক দিকে।”

তিনি বলেন, “ওই ঘটনায় আমার শালাকে আমার বাসা থেকে নয়, অন্য জায়গা থেকে ধরা হয়েছিল।”

এ বিষয়ে সংবাদিকদের কাছে প্রশ্ন রেখে মাহফুজুর রহমান বলেন, “আমার আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ অপরাধ করলে তার জন্য কি আমি দায়ী হবো।”

সাংবাদিকরা তার কাছে জানতে চান, “১৪ দল যেখানে আপনার পদত্যাগ চাইছে সে অবস্থায় নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না!” এর জবাবে তিনি বলেন, “আমাকে যদি কেউ পছন্দ না করে তাহলে কি আমি জোর করে পছন্দ করাতে পারবো? আমরা তো চেষ্টায় আছি, আমরা চাইছি সবাই নির্বাচনে আসুক।”

রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য কোন উদ্যোগ নেবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেন,‘ওয়েট এন্ড সি’।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ সম্পর্কে মাহফুজুর রহমান বলেছেন, “২০০১ সালে জাতীয় পার্টির দায়ের করা একটা মামলার রায় অনুযায়ী ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব গ্রহণ করেছি আমি। অন্য দুজন নির্বাচন কমিশনারও আমাকে সমর্থন করেছেন। আরপিও এর ৪ ধারায়ও একই কথা বলা হয়েছে।” তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত সিইসি হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নেই।