২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী সংগঠনের ২৫ নেতার সঙ্গে খালেদার বৈঠক

ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে পাঁচটি ইসলামী সংগঠনের ২৫ জন নেতা শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী নির্বাচনের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকের পর মুফতি আমিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “আমরা ইসলামী সংগঠনগুলোর নেতারা বেগম জিয়ার সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা করেছি। আগামী নির্বাচনে চার দলীয় ঐক্যজোটকে কীভাবে বিজয়ী করা যায় সেটাই এই আলোচনার উদ্দেশ্য।”

বৈঠকে উপস্থিত পাঁচ ইসলামী সংগঠন হচ্ছে, ইসলামী মোর্চা, জমিয়তে উলামা ইসলামী, ফরাজী জামায়াত, উলামা কমিটি ও নেজামী ইসলাম।

বৈঠকে ইসলামী নেতাদের মধ্যে মাওলানা মহিউদ্দিন খান, মুফতি মো. ওয়াক্কাস, মুফতি তৈয়ব, মাওলানা আবদুর রকীব, মাওলানা আবদুল্লাহ হাসান, আবদুল লতিফ নেজামী প্রমুখ এবং বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।