২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর দুর্গাপুরে জামায়াত নেতা খুন

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি সমর্থক সন্ত্রাসীদের হামলায় শনিবার সকালে সেকেন্দার আলি (৫০) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। তার বাড়ী দুর্গাপুর উপজেলার আলিপুর গ্রামে। তিনি নওপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর ছিলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

নিহতের ছেলে সাদের আলিসহ প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে সেকেন্দার আলি আলিপুরের পার্শ্ববর্তী কাশিপুর গ্রামে এক ব্যক্তির জানাজায় অংশ নিয়ে বাড়ীতে ফিরে আসছিলেন। এসময় আলিপুর গ্রামের বটতলায় স্থানীয় বিএনপির কর্মী খালেক, সাত্তার, হাকিম, জাহিদুল, আলতাফ ও সোলাইমানসহ ১৫/২০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সেকেন্দারের পথরোধ করে। সন্ত্রাসীরা মূল সড়কের ওপর প্রকাশ্যে সেকেন্দারকে মাটিতে ফেলে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে মৃত ভেবে সন্ত্রাসীরা সড়কের ওপর সেকেন্দারকে ফেলে রেখে চলে যায়।

নিহতের ছেলেরাসহ এলাকাবাসী তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও অস্ত্র নিয়ে ধাওয়া করে। এলাকাবাসী পরে সংজ্ঞাহীন অবস্থায় সেকেন্দার আলিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকাল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় জামায়াত নেতা সেকেন্দার আলি মারা যায়।

নিহতের ছেলে সাদেক আলি ও আশরাফ আলি জানান, তাদের বাবা জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগদান করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কিছুদিন ধরে যোগাযোগ করছিলেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলিপুর বাজারে সেকেন্দার আলির কথা কাটাকাটি হয়েছিল কয়েকদিন আগে। বিএনপি নেতা কর্মীরা তার বাবাকে সেইসময় হত্যার হুমকি দিয়েছিল বলে ছেলে আশরাফ আলি দাবি করেন।

এদিকে নওপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসগর আলি মাষ্টার জানান, সেকেন্দার আলির খুনীরা সবাই বিএনপির সন্ত্রাসী। তবে দলের স্থানীয় পর্যায়ে তাদের কোন পদ নেই। এই সন্ত্রাসীদের কারণে খোদ বিএনপির ত্যাগী নেতা-কর্মীরাও এলাকায় বসবাস করতে পারে না।

অন্যদিকে দুর্গাপুর থানার ওসি লিয়াকত আলি জানান, সেকেন্দার হত্যার মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ খুনীদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান শুরু করেছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।