২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘেরাও কর্মসূচি সংযম ও কৌশলের মাধ্যমে মোকাবিলার নির্দেশ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের আগামী ২৭ ও ২৮ নভেম্বর বঙ্গভবন ও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সংযম ও কৌশলের মাধ্যমে মোকাবিলার নির্দেশ দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের আইন-শৃংখলা বিষয়ক উপ-কমিটি।

আবু সুফিয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সভায় উপ-কমিটির তিন সদস্যের মধ্যে হাসান মশহুদ চৌধুরী ও এম আজিজুল হক, পুলিশ, বিডিআর ও আনসার প্রধানসহ ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভা শেষে এম আজিজুল হক সাংবাদিকদের বলেন, সভায় দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আইন-শৃংখলা বাহিনী যাতে সংযম ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, “আশা করি সকলে সুবিবেচনার স্বাক্ষর রাখবেন।”

অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া।

অপর উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেন, “আমরা ঠিক সময়ের মধ্যেই নির্বাচন করব। তবে আমরা দায়িত্ব নিয়েছি নাজুক পরিস্থিতির মধ্যে। গত তত্ত্বাবধায়ক সরকারের তুলনায় অনেকটা ভিন্ন রকম পরিবেশ এখন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে-কি না তা পরের সভায় ঠিক করা হবে।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সভা শেষে অবৈধ অস্ত্র উদ্ধারকে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়।

যুব সংগ্রাম পরিষদের বঙ্গভবন ঘেরাও কর্মসূচির মধ্যেই বিকেল ৪ টায় উপদেষ্টা পরিষদের সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন।