গোপন বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তাদের বরখাস্তের দাবি
সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুক্রবার রাতের গোপন বৈঠকে যোগদানকারী আমলাদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা।
দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল এবং যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের উভয়ই বলেছেন, বিগত সরকারের সুবিধাভোগী আমলারা ওই গোপন বৈঠকে যোগ দিয়ে সরকারি চাকরির আচরণবিধি ও নীতিমালা লঙ্ঘন করেছেন এবং তারা তত্ত্বাবধায়ক সরকারকে কোণঠাসা করে বিএনপি-জামায়াত জোটকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করতেই এ বৈঠকে বসেছিল।
ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জলিল বলেন, “তাদের যদি অশুভ উদ্দেশ্য নাই থাকবে তবে চোরের মতো পালালেন কেন?” তিনি বলেন, মাহমুদুর রহমানের মতো একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সরকারি কর্মকর্তাদের গোপনে বৈঠক করা চাকরির আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
জলিল আরও বলেন, “বিগত বিএনপি-জামায়াত সরকারের সুবিধাভোগী মন্ত্রিপরিষদ, সংস্থাপন, স্বরাষ্ট্র, তথ্য ও পরিবেশ সচিবরা এখনও স্ব স্ব পদে বহাল তবিয়তে রয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিতর্কিত এসব ব্যক্তিদের অবিলম্বে অপসারনোর জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে দাবি জানিয়েছিলাম।”
নির্বাচন কমিশনার স ম জকরিয়াকে ‘ভোট ডাকাতির হোতা’ আখ্যায়িত করে জলিল বলেন, “তিনি এখনও তার পদেই বহাল আছেন। কিন্তু তাকে অবশ্যই সরে যেতে হবে।”
সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগের কতা বলেছিলেন। কিন্তু দুদিন পার হয়ে গেলেও সেই নিয়োগ সম্পন্ন হয়নি। তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত সহকারি সচিব ফজলুর রহমানের মতো কোনো বিতর্কিত ব্যক্তিকে যেন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া না হয়।
জলিল জানান, ২৭ নভেম্বর বঙ্গভবনের চারপাশে অবস্থান কর্মসূচির পাশাপাশি একইদিনে উপজেলা সদরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পরদিন ২৮ নভেম্বর দলীয় নেতা ও কর্মীরা সব জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
রাষ্ট্রপতিকে ‘স্বৈরাচার’ ও সদ্য বিদায়ী সরকারের ‘পুতুল’ অভিহিত করে জলিল পুনরায় তাঁর প্রতি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের আগে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে অপর এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তরার ওই বৈঠকে যোগ দিয়ে এসব কর্মকর্তা চাকুরিবিধি এবং সরকারী নিয়মনীতি লঙ্ঘন করেছেন। তিনি অবিলম্বে তাদের বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে দাবি জানান।
স্বরাষ্ট্র সচিব জহুরুল ইসলাম, স্থানীয় সরকারসচিব সফররাজ হোসেনসহ এ বৈঠকে যোগ দেওয়া অন্য আমলাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে নিরপেক্ষতা প্রমাণের জন্য রাষ্ট্রপতির কাছে ওবায়দুল কাদের আহবান জানান।
সংবাদ সম্মেলনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ বলেন, “এখনও দেশে নির্বাচনী তফসিল ঘোষণার সময় হয়নি। ভোটার তালিকা সংশোধন ও ছাপানোর আগে কোন ক্রমেই নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না। কারণ দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি।”
