বৈঠক নিয়ে প্রকাশিত সংবাদের ৮০ ভাগই ভুয়া: মাহমুদুর রহমান
সাবেক জ্বালানী উপদেষ্টা ও বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) সভাপতি মাহমুদুর রহমান দাবি করেছেন, কথিত গোপন বৈঠক নিয়ে প্রকাশিত সংবাদের ৮০ ভাগই ভুয়া বলে দাবি করেছেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইইবি) সভাপতির কার্যালয়ে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, “প্রকাশিত সংবাদগুলো ছিল কল্পকাহিনী। সান্ধ্যকালীন ভোজসভা নিয়ে চায়ের কাপে তুফান। প্রকৃতপক্ষে এটি ছিল আমার ব্যক্তিগত অফিসের কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়িক বন্ধু ও ছোট ভাই ও বন্ধুর একটি সম্মিলন। ব্যবসা-বাণিজ্য ছাড়া সেখানে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি।”
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইইবি) বর্তমান সভাপতি হলেন বিতর্কিত বিদ্যুত সচিব আনহ আখতার হোসেন। তবে মাহমুদুর রহমান সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যুত সচিব আখতার হোসেন সেখানে উপস্থিত ছিলেন না।
মাহমুদুর রহমান বলেন, “সরকারে ছিলাম আবারও ব্যবসায় ফিরে এসেছি। তাই বন্ধু-বান্ধবদের নিয়ে এ ভোজসভার আয়োজন করা হয়। সরকারে থাকার কারণে অনেকের সাথে সম্পর্ক হয়েছে। তাদের কেউ কেউ এতে আমন্ত্রিত ছিল। তারা সেখানে যোগ দিতেই পারেন।”
এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, “যোগদানকারী হিসেবে যাদের ছবি এসেছে তারা কেন বিব্রতবোধ করছেন, তা ভেবে আমি নিজেই বিব্রত। আমি অবাক হয়ে গেছি, এমন হলে সমাজ চলবে কি করে?”
বৈঠকে যোগদানকারী হিসেবে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যকে ভূয়া দাবি করে মাহমুদুর রহমান বলেন, “এতে সচিব পর্যায়ের কর্মকর্তাসহ অনেকের নাম দেয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে বিয়ামের সাবেক ডিজি শহীদুল আলম ও সাবেক প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব-২ আব্দুল মতিন ছাড়া কোন সচিব পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
তবে প্রশাসনের অন্য পর্যায়ের আরো ১০/১২ জন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে তিনি স্বীকার করেন।”
