গোপন বৈঠকের কারণ জানতে তদন্ত কমিটি
সাবেক জোট সরকারের জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরা অফিসে গোপন বৈঠকে যোগদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
তদন্তে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বা নির্বাচন সংক্রান্ত কোন ষড়যন্ত্রে এসব কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য সুফিয়া রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন “রোববার এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এ তদেন্ত পত্রিকায় প্রকাশিত ছবি প্রমাণ হিসাবে কাজ করবে। এধরনের যত বেশী তথ্য পাওয়া যাবে,অভিযোগ প্রমাণ করা ততটাই সহজ হবে।”
কমিটির সদস্য সংখ্যা সম্পর্কে উপদেষ্টা বলেন, তিন বা পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে। তবে যত কম সংখ্যক সদস্য দিয়ে কমিটি গঠন করা হবে তত দ্রুত রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি জানান। রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে চাকরিরত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “উত্তরার গোপন বৈঠকের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করা হবে। দাওয়াত খাওয়ার নামে সেখানে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা এই রিপোর্টের মাধ্যমে জানা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের ধরনের উপর শাস্তির মাত্রা নির্ভর করছে।”
জোট সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান শনিবার সাংবাদিকদের বলেন, “পত্র-পত্রিকায় যা ছাপা হয়েছে তা কল্পকাহিনী এবং এর শতকরা আশি শতাংশই ভুয়া।”
সাবেক জোট সরকারের মাহমুদুর রহমান শুক্রবার রাতে উত্তরায় তার নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠান আর্টিসান সিরামিক অফিসে ১০/১২ সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাসহ ৫০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে গোপন বৈঠক করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের মুখে এক পর্যায়ে মাহমুদুর রহমান স্বীকার করেন, আমন্ত্রিত ও বৈঠকে যোগ দেয়া অতিথিদের মধ্যে ১০/১২ জন সাবেক ও বর্তমান আমলা ছিলেন।
