আর কারও দাবি না মেনে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন: খালেদা
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক প্রকৌশলী সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যে বলেছেন, “অনেক হয়েছে, আর কারো দাবি মানার দিকে যাবেন না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আর ৭৫ দিনের মধ্যে নির্বাচন না হলে এর দায়-দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।”
খালেদা প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে একজন ‘যোগ্য ও সৎ বিচারপতি’ হিসেবে অভিহিত করে বলেন, “আমি তাকে চিনি না। তাদের (১৪ দলের) অযৌক্তিক দাবির মুখে তাকে ছুটিতে যেতে হয়েছে। তিনি আছেন, সাময়িক ছুটি নিয়েছেন। কিন্তু তিনি যেতে পারেন না।”
রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাবের সভাপতি সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান। আরও বক্তব্য রাখেন প্রকৌশলী ড. আর এ গনি, ড. আনোয়ার আজিম, মঞ্জুরুল আহসান মুন্সী, খান মঞ্জুর মোর্শেদ. রিয়াজুল ইসলাম রিজু এবং সংগঠনের মহাসচিব শাহরিন ইসলাম তুহিন।
খালেদা জিয়া বলেন, “আজকে এই দলটি দেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়। তারা পুতুল সরকার গঠন করে দেশ চালাতে চায়। এদেশ স্বাধীন হয়েছে কোনো দেশের আদেশ-নির্দেশে চলার জন্য নয়।”
খালেদা প্রকৌশলীদের যার যার অবস্থানে থেকে আগামী নির্বাচনে বিএনপি ও চার দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণ আবার বিএনপিকেই ভোট দেবে।”
খালেদা জিয়া আন্দালনরত দলগুলোর উদ্দেশ্যে বলেন, “তারা নির্বাচন চায় না। তারা সংবিধান মানে না। রাষ্ট্রপতিকে মানে না। তারা শুধু প্রভুদের নির্দেশ মানে।”
সভাপতির ভাষণে মাহমুদুর রহমান বলেন, “১৪ দলের অবরোধের ফলে দেশে ১৮ হাজার কোটি টাকার জিডিপি ক্ষতি হয়েছে। তারা একটি দেশের আঞ্চলিক পরাশক্তির বাজার সৃষ্টির জন্য এই কাজটি করেছে।”
সাবেক জ্বালানী উপদষ্টা তথাকথিত সুশীল সমাজের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, “বছরে ৫’শ কোটি টাকার দুর্নীতির জন্য আপনার সংবাদ সম্মেলন করেন। কিন্তু ১৮ হাজার কোটি টাকা ক্ষতির পরও কেন চুপ করে বসে আছেন?”
