নির্বাচনের এক মাস আগে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় কমিশন
নির্বাচনের এক মাস আগেই বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় কমিশন। এই দলটি নির্বাচনের পর আরো এক অথবা দু’সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে থাকবে।
সূত্র জানায়, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে লেখা এক চিঠিতে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য দুটি সমঝোতা স্মারক সইয়ের অনুরোধ করা হয়েছে। এর একটি তত্ত্বাবধায়ক সরকার ও ইওরোপীয় কমিশন এবং অপরটি নির্বাচন কমিশন ও ইউরোপীয় কমিশনের মধ্যে স্বাক্ষরিত হবে।
বাংলাদেশে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দলের প্রধান স্টিফেন ফ্রোয়েনের লেখা ওই চিঠিতে বলা হয়, “নির্বাচনের পাঁচ/ছয় সপ্তাহ আগ থেকে নির্বাচনের পর আরো এক/দুই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠানো হবে।” চিঠির অনুলিপি সব উপদেষ্টাদের কাছে পাঠানো হয়েছে বলেও নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ৬ জন স্বাধীন পর্যবেক্ষক এবং ৪০টি দীর্ঘমেয়াদি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ বিধি-বিধানগুলো ঠিক করার জন্য সমঝোতা স্মারক সইয়ের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সমঝোতার আগে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি লিখিত কৌশলপত্রও চাইছে ইওরোপীয় কমিশন।
ইউরোপীয় পার্লামেন্ট গত সপ্তায় এক প্রস্তাবনায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণকে স্বাগত জানালেও বলেছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায়ের জন্য এখনো আরো অনেক কিছু করতে হবে। ওই প্রস্তাবনায় নির্ভুল ও মানসম্পন্ন ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পর্যক্ষেক দল পাঠানোর একটি প্রস্তাব সম্প্রতি ইউরোপীয় কমিশন অনুমোদন করেছে। এই দলের সহকারী প্রধান পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, রাজনীতি ও গণমাধ্যম বিশেষজ্ঞ, পর্যবেক্ষক সমন্বয়ক, নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ার জন্য এরই মধ্যে দরখাস্ত আহ্বান করেছে ইওরোপীয় কমিশন সদর দপ্তর।
