২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার বৈঠকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

বিগত সরকারের সুবিধাভোগী ও উত্তরায় গোপন বৈঠকে উপস্থিত সকল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, বিগত সরকারের সুবিধাভোগী কর্মকর্তারা আগামী নির্বাচনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি-জামায়াত জোট নেতৃবৃন্দের সঙ্গে উত্তরায় অনুষ্ঠিত গোপন বৈঠক জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দলীয় দৃষ্টিভঙ্গির কারণে তার প্রতি মানুষের আস্থা হারালেও ১০ উপদেষ্টার প্রতি আস্থা রয়েছে।

কাজেই তারা দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের জন্য অবশ্যই এই গোপন বৈঠককারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে বিজ্ঞপ্তিতে দাবি জানানো হয়।

এদিকে সম্মিলিত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদও অপর এক বিজ্ঞপ্তিতে উত্তরায় অনুষ্ঠিত এ গোপন বৈঠকের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার রমনার আইইবি ভবনে পরিষদের এক জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের নেতৃত্বে সদ্য বিদায়ী, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকৃত, কর্মরত ও অবসরপ্রাপ্ত আমলাদের নিয়ে জামাত-বিএনপি নেতারা গোপন সভায় মিলিত হয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে। অবিলম্বে তাদের জনপ্রশাসন থেকে প্রত্যাহার এবং এর মূল হোতাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানান বক্তারা।