২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা সুলতানা কামালের অপসারণের দাবি

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে অবিলম্বে উপদেষ্টার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন চারদলীয় জোট সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শনিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফোরামের আইনজীবী নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বক্তারা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা পরস্পরবিরোধী সংবাদ পরিবেশন করে প্রধান উপদেষ্টার পদকে বিতর্কিত করছেন। রাষ্ট্রপতিকে সংবিধানের ভিত্তিতে কাজ করার পথে তারা অন্তরায় সৃষ্টি করছেন বলেও তারা মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সদস্য সচিব শাহ মো. খসরুজ্জামান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির আইন সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান, নির্বাচন কমিশনে দুজন কমিশনার নিয়োগ দেওয়ার দাবি ও প্রধান উপদেষ্টার কাজ নিয়ে সুপ্রিমকোর্টের বারের সমালোচনার প্রতিবাদে ফোরাম নেতারা সমিতির গঠনতন্ত্র বহির্ভূত কাজ করা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া কোনো কোনো মহল থেকে সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমিন চৌধুরীকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার কথা বলে দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা বিষয়টি নিয়ে ইস্যু সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণারও দাবি জানান।